NE UpdatesHappeningsBreaking News
কুকি জঙ্গিদের সঙ্গে সংঘর্ষবিরতির চুক্তি বাতিলের আর্জি মোদি-শাহকে

ওয়েটুবরাক, ১৫ জুনঃ বিজেপির রাজ্য কমিটির পক্ষ থেকে কুকি জঙ্গিদের সঙ্গে চলা সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠিয়ে তাঁরা বলেন, কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপলস ফ্রন্টের সঙ্গে সংঘর্ষবিরতি চলতে থাকলে মণিপুরের সর্বনাশ হয়ে যাবে। মুখপাত্র টি মাইকেল লামজাথং হাওকিপ আশঙ্কা ব্যক্ত করেন, এমনটা হলে রাজ্যের অখণ্ডতা ও সাংবিধানিক বিধিবদ্ধতা ধ্বংস হয়ে যেতে পারে। রাষ্ট্রপতি শাসনের সুযোগে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে সাধারণ জনতা, বিশেষ করে ছাত্র সংগঠনগুলি মেনে নেবে না বলেও সতর্ক করে দেন তিনি।
এখনই সংঘর্ষবিরতি প্রত্যাহার করে নেওয়া কোনও কারণে সম্ভব না হলে, প্রদেশ বিজেপির পরামর্শ, তাহলে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত যাতে সংঘর্ষবিরতি নিয়ে কোনও আলোচনা বা অন্য কোনও সিদ্ধান্ত নেওয়া না হয়। সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহার করে নিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি মণিপুর বিধানসভায় গৃহীত সর্বসম্মত প্রস্তাবের কথাও চিঠিতে উল্লেখ করেন মুখপাত্র মাইকেল। প্রসঙ্গত, কুকি জঙ্গিদের সঙ্গে চলা সংঘর্ষবিরতি চুক্তি পুনর্নবীকরণের প্রক্রিয়া শুরু হতে চলেছে, এই ধরনের এক আলোচনার প্রেক্ষিতেই বিজেপির প্রদেশ মুখপাত্র প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি পাঠান।
ও দিকে, নরেন্দ্র মোদি আজ তিন দেশ সফরে রওয়ানা হতেই কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ ফের মণিপুর প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব জায়গাতেই যেতে পারেন, পারেন না শুধু মণিপুরে যেতে।



