Barak UpdatesHappeningsBreaking News

উড়ালপুলের উচ্ছেদ : গুজব ছড়িয়ে ক্ষমা চাইলেন পোস্টদাতা

ওয়েটুবরাক, ১৯ নভেম্বর: উড়ালপুলের সার্ভে চলার সময়ে একাংশ ব্যবসায়ী সহ কয়েকজন সাধারণ নাগরিক আপত্তি করেছেন, কেউ কেউ আবার বিকল্প প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি পাঠিয়েছেন। এই প্রেক্ষিতেই জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আজ বুধবার বঙ্গভবনে এক সাধারণ সভা আহ্বান করেছে। এমন সময়ে মঙ্গলবার ফেসবুকে ছড়িয়ে পড়ে এক গুজব, বুধবার শুরু হবে উড়ালপুলের জন্য উচ্ছেদ অভিযান। শুধু ওইটুকুতেই শেষ করেননি পোস্টদাতা, এর পরেই লিখেছেন, জেলা প্রশাসন মাইকিং করে জানিয়ে গিয়েছে, ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু হবে এই উচ্ছেদ অভিযান।

ফেসবুকে এমন সেনশনাল ইনফরমেশন পেয়ে গেলে কে আর পিছিয়ে থাকেন! সামাজিক মাধ্যমে সত্যতা যাচাই করে ফরোয়ার্ড বা রিপোস্ট করার বাধ্যবাধকতা নেই বলে তা ভাইরাল হতে সময় লাগেনি। খবর পেয়েই জেলা প্রশাসন মূল পোস্টদাতার সন্ধানে অভিযানে নামে। বেরিয়ে আসে, অমর দাস নামে মালুগ্রাম এলাকার এক বাসিন্দা এই পোস্টটি করেছেন। তিনি প্রেমতলার এক দোকানে কাজ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অমর তার দোষ স্বীকার করে নেন। লিখিত ভাবে এই কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থনা করেন।

তবে তিনি পুলিশকে জানান, গুজব ছড়ানো কিংবা কোনও বিভ্রান্তি সৃষ্টি তার লক্ষ্য ছিল না। বঙ্গভবনের সভার মাইকিং শুনে একজন তাকে বলেছেন, উচ্ছেদের কথা বলে গিয়েছে। তিনি সে কথা শুনেই পোস্ট করে দিয়েছেন। সত্যতা যাচাই না করে এমন এক পোস্ট যে বড় ধরনের ভুল হয়েছে, তা উল্লেখ করে পুলিশের কাছে মাফ চেয়ে আপাতত ছাড়া পান তিনি।

এর পর অমর দাস অবশ্য নিজের ফেসবুকেও নিজের ভুল স্বীকার করে প্রকৃত তথ্য জানিয়ে দেন। সেই সঙ্গে আগের ভুল পোস্টের জন্য তিনি সকলের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

(ছবিটি কলকাতার গার্ডেন রিচ উড়ালপুলের।)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker