Barak UpdatesHappeningsBreaking News
কল্পতরু হোটেলের কর্ণধার অমৃত পাল প্রয়াত
ওয়েটুবরাক, ১১ ফেব্রুয়ারিঃ কল্পতরু হোটেলের কর্ণধার, রক্তদান আন্দোলনের অগ্রণী সৈনিক, সমাজকর্মী অমৃত পাল আর নেই। মঙ্গলবার স্থানীয় ভ্যালি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫১ বছর। রেখে গিয়েছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয়পরিজন ও শুভাকাঙক্ষীদের।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অমৃত পাল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। পরে কিডনিতেও সমস্যা দেখা দেয়। বিভিন্ন জায়গার বহু চিকিৎসকের পরামর্শ নিলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে বহু দিন ধরে জড়িত। মোটর সাইকেলে শিলচর থেকে ওয়াঘা বিবেকযাত্রায় অংশ নিয়েছিলেন। তাঁর স্ত্রী সিক্তা পাল ফোরামের মহিলা শাখার সভানেত্রী।
সহজসরল জীবনযাপনে অভ্যস্ত, বিনয়ী অমৃত পালের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহীতোষ পাল বলেন, “রক্তদান আন্দোলনের এক ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী, দীর্ঘদিনের সদস্য ও কর্মীকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। প্রয়াত অমৃত পালের প্রতি ফোরাম বিনম্র শ্রদ্ধা জানায় এবং সিক্তা পাল সহ পরিবারের সকলের সাথে সমব্যথা অনুভব করছে। রক্তদান আন্দোলনে অমৃত পালের অবদান আমরা বিনম্রচিত্তে স্মরণ করছি এবং তিনি দীর্ঘদিন আমাদের মনন এবং চেতনায় সপ্রেমে বিরাজমান থাকবেন।”


