Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজের বাংলা বিভাগের দেওয়াল পত্রিকা ‘আত্মজ ‘ উন্মোচিত

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর: উন্মোচিত হল উইমেন্স কলেজ শিলচরের বাংলা বিভাগের দেওয়াল পত্রিকা ‘আত্মজ’। প্রকৃতি ও মানুষকে কেন্দ্র করে নির্মিত এই পত্রিকাটি বিভাগের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের যৌথ উদ্যোগে সাজানো ।
বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারি, উপাধ্যক্ষ ড. শান্তনু দাস, বাংলা বিভাগের প্রধান ড. সুস্পিতা দাস, বরিষ্ঠ অধ্যাপক ড. সর্বাণী বিশ্বাস, কলেজের গ্রন্থাগারিক ও আই কিউ এ সি সমন্বয়ক ড. সরিতা ভট্টাচার্য সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
অধ্যক্ষ ড. তেওয়ারি বাংলা বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্রকৃতিকে ভিত্তি করে তৈরি এই থিম সত্যিই অসাধারণ। নকশা থেকে শুরু করে লেখালিখি—সবকিছুতেই ফুটে উঠেছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সমৃদ্ধ ধারা। প্রজন্মের পর প্রজন্ম আমাদের সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সেই স্মৃতি বাংলা সাহিত্য সবসময় আমাদের মনে করিয়ে দেয়। আমরা কারা, আমাদের শেকড় কোথায়—এই বোধটিকেই নতুনভাবে সামনে আনে ‘আত্মজ’।”
বাংলা বিভাগের প্রধান ড. সুস্পিতা দাস পত্রিকার সাফল্যের জন্য বিভাগীয় সহকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই দেওয়াল পত্রিকা আমাদের সংস্কৃতি, সাহিত্য ও পূর্বপুরুষদের স্মৃতিকে নতুন আলোয় তুলে ধরে। এটি শুধুমাত্র একটি পত্রিকা নয়, বরং আমাদের পরিচয় বহনকারী একটি আয়না।”
বরিষ্ঠ অধ্যাপক ড. সর্বাণী বিশ্বাস অনুষ্ঠানে ছাত্রীদের প্রয়াসের প্রশংসা করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।
দেওয়াল পত্রিকার ভাবনা ও প্রস্তুতির দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের প্রবক্তা দীপশিখা চন্দ। তিনি বলেন, এই কাজের পেছনে প্রকৃতি ও মানুষের এক চির সম্পর্ক। কিন্তু বর্তমানে, সেই নিবিড় সর্ম্পক থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে। যে প্রকৃতিকে মানুষের আগলে রাখার কথা, সেই প্রকৃতিকে প্রতিদিন নষ্ট করা হচ্ছে। এই ভাবনাকে লেখনী ও অঙ্কনের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এই দেওয়াল পত্রিকায়।
উল্লেখ্য, অপর এক অনুষ্ঠানে বাংলা বিভাগের যারা স্নাতক পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করেছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে ছিল চম্পা রানি রায়, সর্বশ্রী নাথ, অনুরাধা পাল, দিয়া দাস, মধুমিতা হালদার, সুস্মিতা হালদার, স্নেহা পাল ও সুনিতা পাল। পরে ছাত্রীদের মধ্যে তাৎক্ষণিক বক্তব্য এবং গানের প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগেরই প্রবক্তা ড.পিয়ালী দেব।



