NE UpdatesHappeningsBreaking News

জুবিন গার্গের ন্যায়বিচারের দাবিতে উত্তাল সোনাপুরের জুবিনক্ষেত্র

সোনাপুর, ২৮ নভেম্বর : প্রয়াত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় প্রকৃত ন্যায়বিচারের দাবিতে শনিবার উত্তাল হয়ে উঠল সোনাপুরের ‘জুবিনক্ষেত্র’। ‘জুবিন গার্গ ন্যায় সমিতি’র উদ্যোগে আয়োজিত বিশাল প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ। সেখানে অসম সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। প্রচণ্ড রোদ উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ পুরুষ, মহিলা ও যুবক–যুবতী এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। তাঁদের উপস্থিতিতে প্রতিবাদস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

প্রতিবাদকারীরা হাতে বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন গোটা এলাকা। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘রাজনীতি করো না বন্ধু’, ‘আমাদের ন্যায়বিচার চাই’, ‘জুবিনদার হত্যাকারীদের ফাঁসি দাও’ সহ নানা স্লোগান। পাশাপাশি ‘জুবিনদাকে ন্যায়বিচার দিতেই হবে’, ‘জুবিনদা অমর হোন’, ‘জয় জুবিনদা’ এবং ‘জুবিনদা, তোমাকে আমাদের হৃদয়ে চিরকাল রাখব’ বলে স্লোগান দেন প্রতিবাদকারীরা। একই সঙ্গে ‘হিমন্ত বিশ্ব সাবধান’ এবং ‘বিজেপি সরকার সাবধান’ স্লোগান তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

এই মামলার সঙ্গে জড়িত অভিযুক্তদের জামিন বন্ধ করা, ইতিমধ্যে যাঁরা জামিন পেয়েছেন তাঁদের জামিন বাতিল করা এবং মামলার আরও তদন্ত চালিয়ে অতিরিক্ত চার্জশিট দাখিল করার দাবিও জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে।

প্রতিবাদস্থলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক অখিল গগৈ রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গের ন্যায়বিচারের বিষয়টি রাজ্য সরকার অত্যন্ত কৌশলে সম্পূর্ণভাবে ধামাচাপা দিতে চাইছে। আগামী ৩০ নভেম্বর জুবিন গার্গের মৃত্যুর মামলায় মুখ্যমন্ত্রী নিজেই যাঁদের হত্যাকারী বলে আখ্যা দিয়েছেন, সেই অভিযুক্তদের চূড়ান্ত জামিনের শুনানি রয়েছে।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যদি অভিযুক্তরাই জুবিন গার্গকে হত্যা করে থাকেন, তাহলে ৩০ নভেম্বর তাঁরা জামিন পেলে তা সমগ্র অসমিয়া জাতির কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা হবে। এই প্রতিবাদ কোনও সাধারণ জমায়েত নয়। আমাদের হৃদয়ের স্পন্দন জুবিন গার্গের প্রতি যাতে সরকার প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করে, সেই দাবিতেই অসমের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে সমবেত হয়েছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker