India & World UpdatesHappeningsBreaking News
নবরাত্রিতে মধ্যপ্রদেশে পুণ্যার্থীদের পিষে দিল বেপরোয়া ট্রাক, মৃত অন্তত ১৩

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : উৎসবের পুণ্যলগ্নে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নবরাত্রির রাতে শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে ধানবোঝাই একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় মৃত্যু হল অন্তত ১৩ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার ভোররাতে এই মারাত্মক বিপত্তির পর প্রশ্ন উঠেছে মন্দির চত্বরের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
রবিবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরের কাছে। নবরাত্রি উপলক্ষে তখন মন্দিরে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন ছিল। সেই সময়েই ছিনোরের দিক থেকে ধানবোঝাই একটি ভারী ট্রাক তীব্র গতিতে মন্দিরের রাস্তায় ঢুকে পড়ে। গোয়ালিয়রের পুলিশ সুপার ধর্মবীর সিংহ জানিয়েছেন, মন্দিরের দিকে নামার রাস্তাটি বেশ খাড়াই। দুর্ঘটনা এড়াতে সেখানে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা ছিল এবং পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডও গড়ে তোলা হয়েছিল।
সমস্ত সতর্কতা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে ঢালু রাস্তায় নেমে আসে ট্রাকটি। তীব্র গতিতে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সজোরে তা আছড়ে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীদের ভিড়ে। একের পর এক মানুষকে পিষে দিয়ে শেষ পর্যন্ত মন্দিরের প্রবেশদ্বার ও বাইরের দেওয়ালে ধাক্কা মেরে থামে গাড়িটি। ধাক্কার তীব্রতায় মন্দিরের সীমানা প্রাচীরের একাংশ ভেঙে গুঁড়িয়ে যায়। ঘটনায় কর্তব্যরত দুই পুলিশকর্মীও আহত হন।


