India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা নিয়ে ভারতে বিতর্ক, মুখোমুখি বিজেপি-কংগ্রেস

ওয়েটুবরাক, ২০ অক্টোবর: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ভারতে ‘ক্ষমতা পরিবর্তন’ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে সরকার পরিবর্তনের চেষ্টা করার অভিযোগ তুলে বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
বিরোধী শিবিরের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে ‘ক্ষমতা পরিবর্তনের’ কথা বলেছেন—এমন কয়েকটি ভিডিওক্লিপ জুড়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন রিজিজু। এর সঙ্গে তিনি লেখেন, ‘এই লোকগুলোর দিকে তাকান, তারা ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করছে। মনোযোগ দিয়ে শুনুন—ভারত বাংলাদেশ নয়।’
তিনি আরও লেখেন, ‘ভারতের তরুণেরা বোকা নন। তারা ভারতকে গড়ে তুলবেন, ধ্বংস করবেন না। প্রকৃত ভারতীয় তরুণেরা পদক জিতছেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, স্টার্টআপ ও প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছেন এবং সাংস্কৃতিক আইকন হয়ে উঠছেন।’
ভিডিওটিতে নেহা বোরা ও জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণসহ কয়েকজনের বক্তব্যের অংশ ছিল। তারা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে ‘ক্ষমতা পরিবর্তনের’ প্রসঙ্গ তুলেছিলেন।
এই বিতর্কে যোগ দিয়ে শশী থারুর বলেন, ‘আমার মনে হয়, ভারত বাংলাদেশ নয়, ভারত ফ্রান্সও নয়। এই তুলনাগুলোকে আমি বিশেষ প্রাসঙ্গিক বলে মনে করি না। ফ্রান্সে যেসব সহিংসতা হয়েছে, বাস ও থানায় আগুন দেয়া হয়েছে—আমরা কখনোই সেগুলোকে সমর্থন করব না’।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অন্যান্য ইস্যুতে ফ্রান্সে সাম্প্রতিক দাঙ্গার প্রসঙ্গ তুলে এসব কথা বলেন ভারতের সাবেক এই কূটনীতিক। থারুর বলেন, বিরোধীরা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাস করে এবং সেটিকেই সমর্থন করে।
তিনি বলেন, ‘বৃহত্তর বিষয়গুলোর ক্ষেত্রে ‘ক্ষমতা পরিবর্তন’ কিংবা এ ধরনের শব্দবন্ধকে বিকৃত করে ব্যাখ্যা করার কোনো অর্থ নেই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইছি। এখন উদ্বেগের বিষয় হলো, অত্যন্ত সমস্যাপূর্ণ, অনিয়মপূর্ণ এবং আংশিকভাবে বেআইনি একটি প্রক্রিয়ার কারণে বিপুলসংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এ কারণেই আমরা পুরো প্রক্রিয়া বাতিল করার দাবি জানাচ্ছি। এটি একটি সাংবিধানিক বিষয়। কোনো সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা নয়।’



