NE UpdatesAnalyticsBreaking News

অসমে চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাস, সরকারি কর্মীদের অতিরিক্ত ছুটি

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর : দুর্গাপুজোর আগে চা শ্রমিক ও রাজ্য সরকারি কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসম সরকার।রাজ্য মালিকানাধীন অসম টি কর্পোরেশন লিমিটেড (এটিসিএল)-এর অধীন চা বাগানের শ্রমিকদের জন্য ২০ শতাংশ দুর্গাপুজো বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। একইসঙ্গে দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অতিরিক্ত ছুটিও অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্যের এটিসিএল পরিচালিত চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের অধিকাংশ চা বাগান কর্তৃপক্ষ ইতিমধ্যে যে হারে পুজো বোনাস ঘোষণা করেছে, এটিসিএল-এর বাগানগুলিও সেই হারের আওতায় এল।

মুখ্যমন্ত্রী জানান, অসমে মোট ৮০৭টি চা বাগানের মধ্যে ইতিমধ্যেই ৫৪৮টি বাগান ২০ শতাংশ বোনাস ঘোষণা করেছে। এবার এটিসিএল-এর অধীন বাগানগুলির শ্রমিকদের জন্যও একই হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।অবশিষ্ট চা বাগানগুলির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও দুর্গাপুজো উপলক্ষে শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

এ দিকে, দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের জন্যও অতিরিক্ত একটি ছুটি ঘোষণা করেছে মন্ত্রিসভা। ১৭ অক্টোবর অতিরিক্ত ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে দুর্গাপুজোর ছুটি ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে।মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরে দুর্গাপুজোর একটি দিন রবিবার পড়ায় প্রচলিত তিন দিনের পুজোর ছুটি কার্যত ছোট হয়ে যাচ্ছিল। সরকারি কর্মীদের সুবিধার কথা বিবেচনা করেই অতিরিক্ত একটি দিন ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের জন্যও দুর্গাপুজো উপলক্ষে বিশেষ আর্থিক সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবর মাসে নিয়মিত ১,২৫০ টাকার পরিবর্তে সুবিধাভোগীরা ১,৫০০ টাকা করে পাবেন।মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজোর পাশাপাশি আগামী এপ্রিল মাসে রঙালি বিহুর সময়ও অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একই ধরনের বিশেষ আর্থিক বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker