NE UpdatesAnalyticsBreaking News
মুসলিম বিবাহ নথিভুক্তির নতুন নিয়ম, অরুণোদয় প্রকল্পে পুজোর বোনাস

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর : উৎসবের মরশুমের আগে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভা অসম মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন রুলস, ২০২৬ অনুমোদন করেছে ।এর ফলে নতুন নিয়মের আওতায় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে বিবাহ নথিভুক্ত করতে পারবেন।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট রেজিস্ট্রেশন ব্যবস্থার মাধ্যমে এই পরিষেবা চালু করা হবে। পরবর্তী সময়ে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পঞ্চায়েত স্তরেও বিবাহ নথিভুক্তির পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষও তুলনামূলক সহজে বিবাহ নথিভুক্ত করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
মন্ত্রিসভার আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীরা অক্টোবর মাসে বিশেষ পুজোর বোনাস পাবেন। নিয়মিত মাসিক ১,২৫০ টাকার পরিবর্তে অক্টোবর মাসে তাঁদের ১,৫০০ টাকা করে দেওয়া হবে।দুর্গাপুজোর আগে উৎসবকালীন অতিরিক্ত সহায়তা হিসেবে এই বর্ধিত অর্থ প্রদান করা হবে। অরুণোদয় প্রকল্পের মাধ্যমে অসমের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির যোগ্য সুবিধাভোগীদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।
উৎসবের মরশুমে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভর্তুকিযুক্ত চিনি ও ডালের দাম নিয়েও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। অক্টোবর মাসে ভর্তুকিযুক্ত চিনি ও ডাল ১০০ টাকা দরে দেওয়া হবে। এর আগে প্রস্তাবিত দাম ছিল ১০৫ টাকা।পুজোর আগে সাধারণ মানুষের আর্থিক চাপ কিছুটা কমানো এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।



