Barak UpdatesHappeningsBreaking News
জ্ঞানজ্যোতি পুরস্কারে ১৩ শিক্ষককে সম্মান রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের

ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সমাজের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘জ্ঞানজ্যোতি পুরস্কার’ প্রদান। শিলচর ও সংলগ্ন এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মনোনীত মোট ১৩ জন বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাকে সম্মানিত করা হয়।
তাঁরা হলেন শিলচর কলেজিয়েট স্কুলের অভিজিৎ কুমার দত্ত, পাপিয়া সেন, মঞ্জু চক্রবর্তী, লিপিকা দেব ও অনিন্দিতা দে, ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুলের রুমলি ভট্টাচার্য, মনোজ কুমার দাস, মিলি বদান সিনহা, মীনাক্ষী দত্ত, কে. বেবি ধর ও শর্মিলা বিশ্বাস এবং জানিগঞ্জ পাঠশালার সুনীপা চক্রবর্তী ও মল্লিকা দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি। তিনি আগামী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
এই অনুষ্ঠানে সামাজিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক ‘আত্মহত্যা প্রতিরোধ’ নিয়ে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বক্তব্য রাখেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিভাগের প্রধান ড. প্রসেনজিৎ ঘোষ। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখা এবং তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০-এর জোন ১৫-এর সহকারী গভর্নর ড. অমিত কালোয়ার, গ্রিনল্যান্ড ক্লাব সভাপতি সন্দীপ সিং ওয়ালিয়া, সম্পাদক দেবকমল দত্ত প্রমুখ। তাঁরা জানান, শিক্ষার প্রসার এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যেই তাঁদের এই আয়োজন।


