Barak UpdatesHappeningsBreaking News

সিদ্দেক আহমেদ প্রয়াত

ওয়েটুবরাক, ১৩ সেপ্টেম্বর: প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ আর নেই। রবিবার সকাল সোয়া আটটায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

সিদ্দেক আহমেদ দক্ষিণ করিমগঞ্জ আসনের চারবারের বিধায়ক। ছিলেন তরুণ গগৈ মন্ত্রিসভার সীমান্ত এলাকা উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টায় তাঁর জন্মস্থান টুকেরবাজারে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিদ্দেক আহমেদকে বহু বছরের বন্ধু বলে উল্লেখ করে বলেন, “তাঁর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত।” সমাজ মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী জানান, একজন জনদরদী বিধায়ক হিসেবে তিনি সর্বদা মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন। দায়িত্বশীল মন্ত্রী হিসেবেও তিনি তাঁর দায়িত্বপ্রাপ্ত দফতর অত্যন্ত নিষ্ঠা ও পরিপক্কতার সহিত পরিচালনা করেছেন। তবে এসবের ঊর্ধ্বে তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যিনি সম্পর্কের মূল্য বুঝতেন এবং সকলের প্রতি সহানুভূতিশীল ছিলেন। হিমন্ত বিশ্ব শর্মা স্মরণ করেন, “রাজনীতির ঊর্ধ্বে আমাদের সম্পর্ক ছিল গভীর বন্ধুত্বের। জীবনের কঠিন সময়গুলিতে আমরা একে অপরের পাশে থেকে সেই পথ একসঙ্গে পাড়ি দিয়েছি। তাঁর প্রয়াণে শুধু শ্রীভূমির সামাজিক জীবনেই নয়, অসমের প্রশাসনিক মহলেও এক গভীর শূন্যতার সৃষ্টি হল। এই কঠিন সময়ে অনিমা ভাবী ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো আমার গভীর সমবেদনা। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ঈশ্বর তাঁদের প্রদান করুন।”

প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের খাদ্য গণবণ্টন ও নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রাই। তিনি ঈশ্বরের নিকট আহমেদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। শোক প্রকাশ করেছেন মন্ত্রী পীযূষ হাজরিকাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker