Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমি থেকে নিখোঁজ বলাই বাংলাদেশে, মাদক-অস্ত্র পাচারের অভিযোগ বিজিবির
ওয়েটুবরাক, ২৯ আগস্ট: বৃহস্পতিবার সকালে শ্রীভূমি জেলা থেকে নিখোঁজ বলাই নমঃশূদ্রকে বৃহস্পতিবার রাতে বাংলাদেশে পাওয়া গিয়েছে । বাংলাদেশের সীমান্ত রক্ষীরা জানিয়েছেন, বলাই মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত । তাকে তারা গ্রেফতার করেছেন । বলাইর স্ত্রী মমতা নমঃশূদ্র শ্রীভূমি পুলিশকে জানিয়েছেন, তাঁদের বাড়ি কাঁটাতারের ওপারে গোবিন্দপুরে । মাছ ধরে বাজারে বিক্রি করাই তাঁদের পরিবারের একমাত্র উপার্জন । বৃহস্পতিবার ভোরে বলাই বেরিয়ে পড়েন মাছ ধরতে, আর ফেরেননি । তিনি পুলিশে নিখোঁজ এজাহার দায়ের করেছিলেন । এরপরই বিজিবি সূত্রে বাংলাদেশে তাকে গ্রেফতারের খবর মেলে । বিজিবি জানিয়েছে, তার কাছে একটি পিস্তল এবং দুই রাউন্ড কার্তুজ এবং ৫০০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে । মমতার দাবি, এইসব ভুয়ো অভিযোগ । তিনি তাঁর স্বামীকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আর্জি জানান ।


