India & World UpdatesHappeningsBreaking News
বিজেপি থেকে ইস্তফা শেহজাদ পুনাওয়ালার

ওয়েটুবরাক, ১৮ আগস্ট: বিজেপির সমস্ত দলীয় পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলেন দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপি-র জাতীয় সভাপতি নিতিন নবিনের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। একইসঙ্গে ‘এক্স’-এ পদত্যাগপত্রটি প্রকাশ করেছেন তিনি।
তাতে শেহজাদ পুনাওয়ালা জানান, এর আগে গত ৩০ জুলাই তিনি দল থেকে নিঃশর্তভাবে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তৎকালীন সময়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব তাঁকে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়।
দীর্ঘ চিন্তাভাবনার পর জাতীয় মুখপাত্র ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্তেই অবিচল থাকেন তিনি। পুনাওয়ালা নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “জরুরি আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতির কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তবে যেখানে সম্ভব এবং যেভাবেই সম্ভব, আমি প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির দৃষ্টিভঙ্গি ও কাজকে সমর্থন জানিয়ে যাব।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী, বিজেপি সভাপতি এবং ‘সংঘ পরিবার’-এর প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুনাওয়ালা।



