Barak UpdatesHappenings
শিলচর পুরনিগমের শিবিরে ২৫ জনের স্বেচ্ছা রক্তদান

ওয়ে টু বরাক, ১৭ আগস্ট : প্রতি বছরের ন্যায় এবারও ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের পূণ্যলগ্নে শিলচর পুরনিগমের কর্মীবৃন্দের ব্যবস্থাপনায় ২৫তম স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পুরনিগম কার্যালয়ে অনুষ্ঠিত শিবিরের সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি সহ লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর গ্রেটার। যুব সমাজের কাছে রক্তদানের উপকারিতা ও মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আবশ্যকতার বার্তা পৌঁছে দিতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুরনিগমের কর্মী তথা আহ্বায়ক অমলকুমার দাস। রক্ত সংগ্রহে ছিল কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এ দিন সকাল ১১টায় শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার অঙ্কুর দাসের বক্তব্যের মাধ্যমে রক্তদান শিবিরের উদ্বোধন হয়। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, জেলা সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, মহিলা শাখার সভানেত্রী গৌরী দেবনাথ প্রমুখ।
এ দিন চারজন মহিলা সহ মোট ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তবে বেশ কয়েকজন প্রথমবার রক্তদান করেন। আবার অন্যদিকে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় বেশ কয়েকজন রক্তদান করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। রক্তদাতাদের মধ্যে সুরেন্দ্র জৈন ১১৩তম রক্তদান করেন। এ দিন সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।
শিবির চলাকালীন রক্তদাতাদের খোঁজ-খবর নেন সাংসদ সুস্মিতা দেব, আইনজীবী দুলাল মিত্র, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সম্পাদক উত্তম সাহা, রূপম সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী সহ আরও অনেকে। রক্তদান শিবিরের পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমলকুমার দাস এবং ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।
রক্তদাতাদের উৎসাহ যোগাতে এ দিন ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল কান্তি বণিক, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সহ-সভাপতি রঞ্জিতকুমার মিশ্র, যুগ্ম সম্পাদক সৌম্যজ্যোতি ভট্টাচার্য, মহিলা শাখার প্রাক্তন সাধারণ সম্পাদিকা বুবু চৌধুরী, কার্যকরী সভানেত্রী কিঙ্কিণী দে দত্ত সহ ফোরামের কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও মহিলা শাখার বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি ঝুমুর দত্ত, সম্পাদক পিতম গোস্বামী, লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সভানেত্রী পূরবী দাস, সম্পাদিকা জিতিকা দাস, প্রাক্তন সভানেত্রী নেহা চক্রবর্তী, প্রাক্তন সভাপতি শুভ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডা. সবনম বাহার বড়ভূঁইয়ার তত্ত্বাবধানে শিবিরে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শান্ত সিংহ, টেকনিসিয়ান সাদিক আহমেদ ও জিএনএম আজিম উদ্দিন প্রমুখ।

