NE UpdatesHappeningsBreaking News
নাজিরায় আটকে মা, কাঁদতে কাঁদতে সাহায্যের আবেদন অভিনেত্রী দেবলীনার

ওয়েটুবরাক, ৪ আগস্ট: নিজের পরিবারের দুর্দশার কথা জানিয়ে আবেগঘন ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে চোখের জল সামলাতে না পেরে দেবলীনা বলেন, “আমি খুব দুঃখিত। এতদিন কোনও ভিডিও করতে পারিনি, কারণ জানতাম কথা বলতে গেলেই ভেঙে পড়ব।” নিজের শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি জানান, শিবসাগর এবং নাজিরা তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেখানেই তাঁর জন্ম, বেড়ে ওঠা, স্কুল-কলেজের পড়াশোনা—সবকিছু।
তাঁদের পুরনো বাড়িটি তুলনামূলকভাবে নিরাপদ এলাকায় থাকায় বড় ক্ষতি হয়নি। তবে তাঁর ঠাকুমার বাড়ি এবং পিসির বাড়ি সম্পূর্ণভাবে বন্যার জলে ডুবে গিয়েছে। তাঁর সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, “মা এখনও নাজিরাতেই আটকে রয়েছেন।”
দেবলীনা বলেন, সব শেষ হয়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নেই। চারদিকে শুধু ধ্বংস আর জল। মানুষের জীবনের সমস্ত সঞ্চয় মুহূর্তের মধ্যে ভেসে গিয়েছে।
শুধু নিজের পরিবারের কথা বলেই থেমে থাকেননি দেবলীনা। তিনি জানিয়েছেন, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইতিমধ্যেই ট্রাকভর্তি ত্রাণসামগ্রী পাঠিয়েছেন। পাশাপাশি সকলকে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদনও করেছেন। তাঁর কথায়, এই দুর্যোগের সময়ে প্রত্যেকের সামান্য সহযোগিতাও বহু মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।


