Barak UpdatesHappeningsBreaking News
বরাক বঙ্গের কেন্দ্রীয় অধিবেশন ৩০ থেকে, উদ্বোধক লীনা গঙ্গোপাধ্যায়

ওয়েটুবরাক, ২৭ জানুয়ারি: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় অধিবেশন এ বার হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জানুয়ারি তিনদিনের অধিবেশনের উদ্বোধন করবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্র নাট্যকার এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেঘালয়ের প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রী মানস চৌধুরী ও বিশিষ্ট সাংবাদিক বাহারুদ্দিন।
আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে দশটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই উপলক্ষে এক সাংস্কৃতিক শোভাযাত্রা সেদিন সকাল সাড়ে সাতটায় হাইলাকান্দি বঙ্গভবন থেকে রওয়ানা হয়ে শহর পরিক্রমা করে রবীন্দ্রভবনে গিয়ে সমাপ্ত হবে। সকাল দশটায় সেখানেই সংগঠনের পতাকা উত্তোলন। পরে আনুষ্ঠানিক উদ্বোধন। দেড়ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে প্রতিনিধি সভা। বরাক উপত্যকার তিন জেলা থেকে প্রতিনিধিরা তাতে অংশ নেবেন। সংগঠনের সংবিধান অনুযায়ী ওই সভাতেই কেন্দ্রীয় সমিতি পুনর্গঠিত হবে।
হাইলাকান্দি নজরুল সদন সংলগ্ন এলাকায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন হবে শুক্রবার বেলা সাড়ে বারোটায়। সেখানেই লোকমঞ্চের উদ্বোধন হবে সন্ধ্যা ছয়টায়। একইসময়ে রবীন্দ্রভবন প্রাঙ্গণে উদ্বোধন হবে সংস্কৃতি মঞ্চের।
৩১ জানুয়ারি দ্বিতীয় দিনে রয়েছে তিনটি আলোচনা চক্র। সকাল ১০টায় আলোচ্য বিষয় হলো বাঙালির জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতি: বিকাশ, সঙ্কট ও সম্ভাবনা। ১২টায় আলোচনা চক্রের শিরোনাম, বরাক উপত্যকার কথাসাহিত্যের যাত্রাপথ: ষাটের দশক থেকে বর্তমান সময়। বেলা দুইটায় অনুষ্ঠিত হবে “উত্তর পূর্বের বাংলা সাহিত্য : বিষয় বৈচিত্র্য ও ভাষাশৈলী” শীর্ষক আলোচনা।
রবিবার তৃতীয় দিনে সকাল দশটায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে কবি সম্মেলন এবং একইসময়ে নজরুল সদনে হবে শিশুমেলা। আড়াইটায় প্রকাশ্যসভা। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



