Barak UpdatesCultureBreaking News
বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির চিত্র-শিল্পমেলা ২৫ ডিসেম্বর থেকে, ৪ দিনে থাকবে একগুচ্ছ অনুষ্ঠান

ওয়ে টু বরাক, ১৯ ডিসেম্বর : আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির উদ্যোগে ২৮তম ‘চিত্র-শিল্প মেলা ২০২৫’ শিলচরের নরসিংটোলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার দিনব্যাপী এই শিল্পানুষ্ঠান শিল্পী, শিক্ষার্থী ও শিল্পপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
এই শিল্পমেলায় দর্শনার্থীদের জন্য থাকছে চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী, বসে আঁকো প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতা, রঙ্গোলি প্রতিযোগিতা, লাইভ পেইন্টিং, সিম্পোজিয়াম, টক শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার প্রথম দিন ২৫ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হবে— কেজি টু পর্যন্ত গ্রুপ ‘এ’, প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত গ্রুপ ‘বি’, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত গ্রুপ ‘সি’ এবং সপ্তম থেকে নবম শ্রেণি পর্যন্ত গ্রুপ ‘ডি’। বিষয় থাকবে নিজস্ব পছন্দ। একই দিন বিকেল সাড়ে ৫টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
২৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগদ পুরস্কার সহ আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ২ অথবা ৪ জনের দল অংশগ্রহণ করতে পারবে। ওইদিন বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত লাইভ পেইন্টিং এবং সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও টক শো অনুষ্ঠিত হবে।
২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগদ পুরস্কার সহ রঙ্গোলি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত সিম্পোজিয়াম এবং সন্ধ্যা ৭টা থেকে ৮.৩০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
মেলার শেষ দিন ২৮ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭.৩০টা থেকে ৯টা পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আলপনা ও রঙ্গোলি প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের নিজস্ব উপকরণ সঙ্গে আনতে হবে এবং রঙ্গোলি প্রতিযোগিতায় শুধুমাত্র শুকনো রঙ ব্যবহার করা যাবে। এই শিল্পমেলায় সকল শিল্পী, শিক্ষার্থী ও শিল্পপ্রেমীদের উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে এই টেলিফোন নম্বরে যোগাযোগ করা যা্বে—- ৯৪০১৩০৩৩৫৩ / ৯৪০১৯২৯৩১৯ / ৭০০২১৪৭৮৩৫।



