Barak UpdatesHappeningsBreaking News
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউয়ের প্রস্তাব পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের

ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর: গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ প্রস্তুতির জন্য শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ এবং দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে এগিয়ে এলো শিলচরের পোদ্দার প্রগতি ফাউন্ডেশন ৷ এর প্রধান কর্মকর্তা বিবেক পোদ্দার গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়ের সঙ্গে সাক্ষাৎ করে এ সংক্রান্ত একটি স্মারকপত্র তাঁর হাতে তুলে দেন ৷ তাতে বিবেকবাবু পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মউচুক্তির প্রস্তাব দিয়েছেন৷ তাঁর কথায়, শুধু অ্যাকাডেমিক জ্ঞান আজ আর শিক্ষার্থীদের জীবন গঠনের জন্য যথেষ্ট নয়৷ বাস্তবমুখী অভিজ্ঞতার সঙ্গে শিক্ষাকে যুক্ত করা গেলেই তাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা শিল্প গঠনের উপযোগী হয়ে উঠবে৷
তাই চুক্তি স্বাক্ষরিত হলে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের সেই লক্ষ্যে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার প্রয়াস গ্রহণ করতে চায় ফাউন্ডেশন৷ বিবেকবাবু আশাবাদী, বিশ্ববিদ্যালয় এবং ফাউন্ডেশন এই দুই প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হলে বরাক উপত্যকায় শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী বিকাশ, শিল্পক্ষেত্রের সঙ্গে কার্যকর সংযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচিত হবে৷



