NE UpdatesHappeningsBreaking News

গোয়ালপাড়ার সংরক্ষিত বনাঞ্চলে সকাল থেকেই শুরু উচ্ছেদ

গুয়াহাটি, ৯ নভেম্বর : পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকে গোয়ালপাড়া জেলার দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। ৯ ও ১০ নভেম্বর এই সংরক্ষিত বনাঞ্চলের ১১৪৩ বিঘা জমিতে উচ্ছেদ চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সে অনুযায়ী এ দিন সকালে এই অভিযান শুরু হয়।

ভোর ৫টা নাগাদ প্রশাসনের বুলডোজার বনাঞ্চলের ভেতরে প্রবেশ করে। এর পরই শুরু হয় উচ্ছেদ। প্রশাসন ও পুলিশ জানিয়েছে, কিছু উচ্ছেদকৃত ব্যক্তি অভিযান ব্যাহত করার চেষ্টা করেছিল। তবে পুলিশ ও জেলা প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এভাবে দহিকাটা সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে প্রায় ১,০০০ বিঘা দখলকৃত জমি মুক্ত করা হয়।

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এইউডিএফ নেতা আব্দুল হাইকে অভিযানের সময় ঘটনাস্থল থেকে আটক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার পর কিছু দখলদার ইতিমধ্যেই স্বেচ্ছায় জমি খালি করে দিয়েছিল। তবে সংরক্ষিত বনাঞ্চল পুরোপুরি মুক্ত করতে প্রশাসন অভিযান চালিয়ে যায়। এ দিকে, এই উচ্ছেদ অভিযানের সময় সেখানকার বাসিন্দাদের মধ্যে কান্নার রোল ওঠে। অনেকেই নিজের ভিটেতে দাঁড়িয়ে বার বার প্রশাসনের কর্তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানাতে থাকেন।

দহিকাটা সংরক্ষিত বনাঞ্চল বহু বছর ধরেই অবৈধ দখলের সমস্যায় ভুগছে, যেখানে ধীরে ধীরে অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে বনাঞ্চল দখল করা হচ্ছিল। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি যে, কিছ দিনের মধ্যে অন্যান্য জেলায় যেখানে বন দখলের ঘটনা ঘটেছে, সেখানে একই ধরনের অভিযান চালানো হবে কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker