Barak UpdatesHappeningsBreaking News

মৃগীরোগীদের যন্ত্রণা উপশমে চিপস বানাল শিলচর এনআইটি, লিখেছেন উত্তম কুমার সাহা

//উত্তম কুমার সাহা//

ছোট, অতি ছোট একটা চিপস শিলচর এনআইটি-কে বিশাল এক নতুন জগতে পৃথক পরিচিতি এনে দিল। শিলচরের এই উদ্ভাবন অসম তো বটেই, গোটা চিকিৎসা শাস্ত্রকে নতুন দিশা দেখাতে চলেছে। সেমি কন্ডাক্টর উদ্ভাবনের বিশ্ব মঞ্চ “সেমিকন ইন্ডিয়া ২০২৫”-এ সকলের নজর কেড়ে নিল এনআইটি শিলচর। বিস্ময়ের সঙ্গে সকলে দেখলেন, মস্তিষ্কের ইলেকট্রনিক ওয়েভগুলিকে ঠিকঠাক ধরা গেলে মৃগীরোগীরা তাঁদের অস্বস্তিকর যন্ত্রণা থেকে রেহাই পেতে পারেন।

‘নিউরাল এমপ্লিফায়ার’ প্রকল্পটির চিফ ইনভেস্টিগেটর তথা শিলচর এনআইটির ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক কে এল বৈষ্ণব বললেন, প্রথমে মৃগীরোগের ওপর কাজ করলেও একই প্রক্রিয়ায় আরও অনেক রোগ ধরা পড়তে পারে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, মস্তিষ্কে নানা ধরনের ইলেকট্রনিক ওয়েভ ক্রমাগত পরিবাহিত হয়ে চলেছে। এরা নানা ধরনের সিগন্যাল দিয়ে চলে। মৃগীরোগীদের আচমকাই যেখানে সেখানে পড়ে যে ছটফট করতে দেখা যায়, বৈষ্ণবের কথায়, এর আগে মস্তিষ্ক যথারীতি সিগন্যাল পাঠায়। তাঁদের নিউরাল এমপ্লিফায়ার চিপস সেই সিগন্যাল ধরে ফেলবে এবং তখনই উপযুক্ত ব্যবস্থা নেওয়া গেলে ওই রোগীর আর যেখানে সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা নেই। তাঁর বক্তব্য, মৃগীরোগ আসলে কিছু মিলি সেকেন্ডের জন্য সকল রক্ত চলাচল ও হৃদস্পন্দন স্তব্ধ করে দেয়। কখন ওই পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, তা সামান্য আগে জানলে ওই কয়েক মিলি সেকেন্ড বিকল্প ব্যবস্থা করা গেলে রোগী ছটফটানি থেকে রেহাই পাবেন।

অধ্যাপক বৈষ্ণব জানান, দুই বছর ধরে চলা এই প্রজেক্টে কো-চিফ ইনভেস্টিগেটর হিসেবে রয়েছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক কৌশিক গুহ। তাঁদের পরামর্শে চিপস ডিজাইনিংয়ের মূল কাজটি করছেন গবেষক ড. সৌরভ নাথ।

নিজের একক কৃতিত্ব কিছু নয় বলে উল্লেখ করে ড. বৈষ্ণব বলেন, তিনজনের যৌথ প্রয়াসেই হার্ডওয়্যারের এই কাজ জাতীয় স্বীকৃতি পেল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের চিপ ডিজাইনে বিশেষ গুরুত্ব আরোপ করে যখন ‘ডিজাইন লিঙ্কড ইনসেনটিভ স্কিম’ ঘোষণা করেছেন, ঠিক তখনই তাঁদের এই স্বীকৃতি অত্যন্ত সময়োপযোগী বলেও মন্তব্য করেন তিনি।

শিলচর এনআইটির এই উদ্ভাবনকে অসমের গর্ব বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডলে লিখেছেন, “এ বারের সেমিকন ইন্ডিয়াতেই ভারতে নির্মিত চিপস প্রথম এল এবং গৌরবের কথা যে, অসমের দুটি চিপস প্রথম বারেই স্বীকৃতি পেল। সেগুলি হলো টাটা ওএসএটি চিপ এবং শিলচর এনআইটির নিউরাল এমপ্লিফায়ার চিপস। ভারতের সেমি কন্ডাক্টর যাত্রায় অসম ভালই ইন্ধন সরবরাহে সক্ষম হল। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker