Barak UpdatesHappeningsBreaking News
জিএসটি জালিয়াতির অভিযোগে গ্রেফতার লক্ষীপুরের ব্যবসায়ী

ওয়েটুবরাক, ১৮ জুন: জিএসটি জালিয়াতির বড়সড় ঘটনা প্রকাশ্যে এলো কাছাড় জেলার লক্ষীপুরে। পুলিশ জানায়, জিএসটি বিভাগের এজাহারের ভিত্তিতে বাঁশকান্দি আলিপুরের বাসিন্দা ইসাক আহমেদকে। পয়লাপুলে খুশি ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেড খুলে ২৫ কোটি টাকা জিএসটি ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
শুধু জিএসটি ফাঁকিই নয়, সংশ্লিষ্ট ব্যক্তিকে না জানিয়ে অন্যের নামে প্রতিষ্ঠান খুলে জালিয়াতিও করেছেন তিনি। জিএসটি বিভাগের তরফে সমস্ত নথিপত্র নিয়ে শিলচর কার্যালয়ে উপস্থিত হতে বললে সবকিছু ফাঁস হতে থাকে। জিএসটি প্রদান করা হয়েছে বলে যে সব নথি জমা করা হয়েছে, এর অধিকাংশই জাল।
ওই সূত্রেই কাগজপত্র ঘাটাঘাটি করে জিএসটি কর্তারা তার আরও ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন। এর মধ্যে একটি রয়েছে জয়পুরের এক ব্যক্তির নামে, কিন্তু ওই ব্যক্তি জানেনই না যে, তাঁর নামে কোম্পানি খোলা হয়েছে। এর পরই জিএসটি বিভাগের তরফে থানায় এজাহার দায়ের করা হয়। পুলিশ তা নথিভুক্ত করে ইসাক আহমেদকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়।



