Barak UpdatesHappeningsBreaking News

কৃতজ্ঞতা বোধ ছাড়া শিক্ষা অপূর্ণ : অধ্যাপক পুরানিক

ওয়ে টু বরাক, ১৮ ফেব্রুয়ারি : কৃতজ্ঞতা বোধ ছাড়া যে কোনও শিক্ষাই অপূর্ণ। জীবনে উন্নতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ যেমন আবশ্যক, তেমনি ক্ষমা করার প্রবণতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার আসাম বিশ্ববিদ্যালয়ের ২২ তম সমাবর্তনের দ্বিতীয় দিন দীক্ষান্ত ভাষণে এ কথা বলেন প্রধান অতিথি অধ্যাপক অশোক পুরানিক। গুয়াহাটি এইমসের এগজিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক পুরানিক এদিন স্নাতক উত্তীর্ণদের অনাগত জীবনের পাঠ দিতে গিয়ে মূল্যবোধ, একাগ্রতা ও শৃঙ্খলার ওপর অধিক গুরুত্ব দেন। বলেন, দৈনন্দিন জীবনে ব্যবহার, আচরণই উন্নতির সোপান। প্রতিদিন কোনও না কোনওভাবে আমাদের প্রত্যেকের জীবনেই অন্যের সাহায্য ও অবদান সন্নিবিষ্ট রয়েছে। প্রসঙ্গক্রমে তিনি ১৯৭৫ সালের ভিয়েতনাম যুদ্ধের প্রবীণ সৈনিক চার্লস প্লাম্বের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। অধ্যাপক পুরাণিক এদিন নম্রতার গুরুত্ব এবং সাফল্যে অবদান রাখা অখ্যাত বীরদের স্বীকৃতির ওপর জোর দেন।

আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রাক্তন বিমান বাহিনী প্রধান মার্শাল অরূপ রাহা এবং উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে এনআইটি শিলচরের ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন।

উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ স্নাতকদের অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে তাদের দক্ষতা জাতি গঠনে প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তির মনোভাবই তার উচ্চতা নির্ধারণ করে। তিনি অবিরাম শেখার ওপর জোর দিয়ে বলেন, “ঘন্টার পর ঘণ্টা, দিনের পর দিন, আমি আরও উন্নত হচ্ছি” এই মন্ত্রই তাঁর জীবনের মূল মন্ত্র। উপাচার্য শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে তারা একটি উন্নত জাতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং বিকশিত ভারতের পথ গঠনে তাদের ভূমিকা রয়েছে।

আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য অরূপ রাহা স্নাতকদের তাদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন। তিনি ৭০% স্বর্ণপদক অর্জনকারী মহিলা শিক্ষার্থীদের ব্যতিক্রমী পারফরম্যান্সের কথা তুলে ধরে বলেন, ছাত্রীদের এই অগ্রগতি দেশের জন্য এক অনুপ্রেরণামূলক উদাহরণ।

এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায় সহ বিভিন্ন অনুষদের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান অধ্যাপকরা। দুদিনের এই সমাবর্তন সফল ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সব কমিটির আহ্বায়ক সহ সদস্য-সদস্যাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য ও নিবন্ধক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker