India & World UpdatesHappeningsBreaking News
শিক্ষামন্ত্রকের দায়িত্ব নিলেন প্রহ্লাদ জোশী

ওয়েটুবরাক, ২৭ জুলাই: রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব নিলেন প্রহ্লাদ জোশী। দায়িত্ব নেওয়ার পরেই তিনি দফতরের খুঁটিনাটি বিষয় পর্যালোচনা শুরু করেছেন এবং সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠকও করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্পূর্ণ আস্থা রেখে তাঁর উপর এই দায়িত্ব দিয়েছেন। শিক্ষাকে একটি “নতুন বিষয়” এবং “খুব বড় দফতর” হিসাবে বর্ণনা করে তিনি আরও বলেন যে, মন্ত্রকের কাজকর্ম পুরোপুরি বুঝে ওঠার পরেই বিস্তারিতভাবে কথা বলবেন।
জোশী রবিবার বলেন, “আমি গতকাল কর্ণাটকে ছিলাম। গত রাতে এখানে পৌঁছেছি এবং আজ সকালে দায়িত্ব গ্রহণ করেছি। এখানকার সমস্ত খুঁটিনাটি এবং যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, তা আমি পর্যালোচনা করছি। আমি তথ্য সংগ্রহ করছি এবং পুরো মন্ত্রকের কাজকর্ম বোঝার চেষ্টা করছি। আজ সারাদিন ধরে আমাদের একটানা বৈঠক চলেছে। এটা আমার জন্য একটা নতুন বিষয়। আমি আজই দায়িত্ব নিয়েছি এবং সিনিয়র অফিসারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এটি একটি খুব বড় দফতর।”



