Barak UpdatesHappeningsCulture
সৃজনে-প্রতিশ্রুতিতে তারাপুর গার্লস স্কুলে শেষ হল গ্রীষ্মকালীন কর্মশালা

ওয়ে টু বরাক, ২৭ জুলাই : সৃজনশীল নানা উপস্থাপনা ও ভবিষ্যতের শিল্পীসত্তার বিকাশ ঘটানোর প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হল তারাপুর গার্লস হাইস্কুলের গ্রীষ্মকালীন কর্মশালা। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে কাছাড়ের প্রতিটি বিধানসভা কেন্দ্রের দুটি স্কুলে আয়োজিত হয়েছে আসাম সরকারের গ্রীষ্মকালীন কর্মশালা। এরমধ্যে শিলচরে নেতাজি বিদ্যাভবন ছাড়াও তারাপুর গার্লস হাইস্কুলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ ও কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার দায়িত্বে ছিল আজকের প্রজন্ম থিয়েটার। পনেরো দিনের এই সাংস্কৃতিক যজ্ঞে এই স্কুলে শেখানো হয় থিয়েটার, যোগব্যায়াম, নাচ, গান, চারুকলা ইত্যাদির প্রাথমিক পাঠ। এছাড়াও সাহিত্যের ইতিহাস, ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রশিক্ষার্থীদের।

অন্তিম দিন, অর্থাৎ শনিবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। এতে কর্মশালার প্রশিক্ষার্থীরা নাচ, গান, যোগ প্রদর্শনের পাশাপাশি মেয়েদের সবলীকরণের ওপর একটি দুর্দান্ত নৃত্যাভিনয় পেশ করেন, যা উপস্থিত সবার মন জয় করে নেয়। এদিনকার সমাপ্তি পর্বে হাজির ছিলেন জেলার সাংস্কৃতিক উন্নয়ন আধিকারিক স্নেহাংশু শেখর রায়, স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম নাথ, স্কুল পরিচালন সমিতির সভানেত্রী প্রতিমা চক্রবর্তী, সিনিয়র শিক্ষিকা দেবলীনা পালচৌধুরী, আজকের প্রজন্ম থিয়েটারের সভাপতি সায়ন বিশ্বাস, প্রশিক্ষক শ্বেতা রায়, পাপিয়া দেব, অঙ্কন কংসবণিক, যোগ শিক্ষক শুভজিত সাহা, নিরাময় যোগ কেন্দ্রের সঞ্চালক শতাক্ষী ভট্টাচার্য প্রমুখ।

এ দিন প্রত্যেক বক্তাই এই কর্মশালার উপকারিতা নিয়ে কথা বলার পাশাপাশি অসম সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ দিকে স্কুল কর্তৃপক্ষ ধন্যবাদ জানান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে, কর্মশালার জন্য তাদের স্কুলকে বেছে নেওয়ায়। এছাড়াও প্রশিক্ষার্থীদের পারফরম্যান্স দেখে সবাই মুগ্ধ, মুগ্ধ তাদের শৃঙ্খলা ও অধ্যবসায়ে, সে কথাও এক বাক্যে স্বীকার করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।


