Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে স্থায়ী রিজিয়নাল সেন্টার গড়ছে কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয়

ওয়েটুবরাক, ১০ আগস্টঃ কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় বরাক উপত্যকার তিন জেলার জন্য স্থায়ী রিজিয়নাল সেন্টার গড়তে চলেছে। সে জন্য আড়াই বিঘা জমি দিতে সম্মত হয়েছে রাজ্য সরকার। কাছাড় জেলা প্রশাসন শিলচর শহর সংলগ্ন দুধপাতিলে জমির ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পছন্দ হলেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। উপাচার্য রাজেন্দ্রপ্রসাদ দাস ও ডিন প্রণব শইকিয়া ওই জমি দেখতে আজই গুয়াহাটি থেকে শিলচরে এসেছেন। স্থায়ী রিজিয়নাল সেন্টার মাথা তুলে দাঁড়ানোর আগে পর্যন্ত শিলচর উইমেন্স কলেজ থেকে রিজিয়নাল সেন্টারের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হবে উপাচার্য রাজেন্দ্রপ্রসাদ জানিয়েছেন।

তাঁর কথায়, শিলচর ছাড়াও যোরহাট, লখিমপুর এবং বঙ্গাইগাঁওয়ে রয়েছে তাদের রিজিয়নাল সেন্টার। সে সব রিজিয়নাল সেন্টারের অধীনে আছে ৩৩৭টি স্টাডি সেন্টার। এর মধ্যে ৩০টি স্টাডি সেন্টার চলছে বিভিন্ন জেলার ৩০টি কারাগারে।

তিনি জানান, কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে এ বার থেকে বাংলা ও সংস্কৃতে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে। বর্তমানে যে ভর্তিপ্রক্রিয়া চলছে, তাতেই বাংলা এবং সংস্কৃতে এমএ-তে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। তা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। যারা ভৌগলিক, আর্থ-সামাজিক বা পারিবারিক কারণে নিয়মিত শিক্ষা গ্রহণ করতে পারেনি, তাঁরা বয়সের কথা ভুলে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন জানাতে পারেন।

ডিন প্রণব শইকিয়া জানান, স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা ও সার্টিফিকেট স্তরে পঞ্চাশের বেশি পাঠ্যক্রম চালু রয়েছে তাঁদের। এ বার বাংলা এবং সংস্কৃতে  এমএ-র সঙ্গে যুক্ত হয়েছে লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্সেসের স্নাতক কোর্সও। পাশাপাশি যোগে যে স্নাতক কোর্স চলছে, একে স্নাতকোত্তরে উত্তীর্ণ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন পেলেই ভর্তি প্রক্রিয়ায় তাও যুক্ত হবে বলে শইকিয়া জানিয়েছেন।

রবিবার শিলচর উইমেন্স কলেজে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপাচার্য-ডিন ছাড়াও উপস্থিত ছিলেন মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিয়নাল ডিরেক্টর অমর ঘোষ ও উইমেন্স কলেজের উপাধ্যক্ষ তথা সেন্টার ইনচার্জ ড. শান্তনু দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker