India & World UpdatesHappeningsBreaking News
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস

ওয়েটুবরাক, ১৪ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সিবিএসই দ্বাদশ শ্রেণির মূল্যায়নে অব্যবস্থা, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো একাধিক বিষয়কে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। আগামী ১৭ জুন থেকে এই আন্দোলন শুরু হবে। কংগ্রেসের মূল দাবি, এই সবকিছুর দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।
শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল জানিয়েছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই আন্দোলনের প্রথম পর্বের সূচনা করবেন। ১৭ জুন রাজস্থানের কোটায় যাবেন তিনি। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পরিচিত এই শহরে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পটনা এবং ১৪ জুলাই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সরকার পরীক্ষা পদ্ধতিতে সংস্কার এবং পুনরায় পরীক্ষার আশ্বাস দিলেও কংগ্রেস এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।
কে.সি. বেণুগোপাল আরও বলেন, এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা শোনার জন্য একটি মঞ্চ তৈরি করা। পাশাপাশি, পরীক্ষার ফি বাতিল করা, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হবে।


