NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে ৩৫০ কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ১
আইজল, ৩ আগস্ট : মিজোরাম পুলিশ এক বিশাল অভিযান চালিয়ে প্রায় ৩৫০ কোটি টাকার ক্রিস্টাল মেথঅ্যামফেটামিন ও হেরোইন উদ্ধার করেছে। এটি রাজ্যের ইতিহাসে অন্যতম বড় মাদক জব্দের ঘটনা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে ১ আগস্ট রাজ্যের রাজধানী আইজল সংলগ্ন এলাকায় অভিযান চালায় অপরাধ তদন্ত বিভাগ (CID স্পেশাল ব্রাঞ্চ) এবং আইজল স্পেশাল নারকোটিক থানার একটি যৌথ দল। এক পুলিশ কর্মকর্তা জানান, সেলিং ও জেমাবাওক এলাকার মধ্যবর্তী স্থানে একটি আইজলগামী পিকআপ ট্রাক আটকানো হয়। এই গাড়িটি মিথুন (গৃহপালিত পশু) নিয়ে যাচ্ছিল। গাড়িটি তল্লাশি করে একটি গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় ২০.৩০৪ কেজি ক্রিস্টাল মেথ (মূল্য আনুমানিক ₹৩০০ কোটি) এবং ১.৬৫২ কেজি হেরোইন, যা ১২৮টি সাবানের কেসের মধ্যে লুকানো ছিল (মূল্য আনুমানিক ₹৪৯.৫৬ লাখ)।
ধৃত ব্যক্তির নাম বি লালথাজুয়ালা (৪৫)। তিনি আইজলের রিপাবলিক মুয়াল ভেং এলাকার বাসিন্দা। তাঁকে নিষিদ্ধ মাদক পরিবহনের দায়ে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ১৯৮৫ সালের Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS)-এর বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সীমান্তবর্তী মিজোরামে মাদক চোরাচালান রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।



