Barak UpdatesHappeningsBreaking News
বিছানায় অচেতন বিহাড়া ফাঁড়ির ইনচার্জ, হাসপাতালে মৃত্যু

ওয়েটুবরাক, ২৩ জুনঃ দরজা ভেঙে পুলিশ কর্মীরাই উদ্ধার করেন বিহাড়া ফাঁড়ির ইনচার্জ সুরজিত ডেকাকে। তখনও দেহে প্রাণ ছিল। দ্রুত নিয়ে যাওয়া হয় সোনাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ কর্মীরা জানান, ডাকাডাকি করেও ইনচার্জের সাড়া না পাওয়ায় তাদের মনে নানা ধরনের আশঙ্কা জাগে। ঘরের ভেন্টিলেটর দিয়ে উঁকিঝুঁকি করে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে প্রথমে জানালা ভাঙা হয়, পরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখেন, তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। অ্যাম্বুলেন্স ডেকে তাড়াতাড়ি সোনাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
তরুণ পুলিশ অফিসারের মৃত্যুতে এলাকায় শোক পরিলক্ষিত হয়। তাঁর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।


