Barak UpdatesHappeningsBreaking News
পাঁচগ্রাম পেপার মিলের ৪৮২ শ্রমিকের বকেয়া মেটানোর দাবি
ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর: পাঁচগ্রাম পেপার মিলের কো-অপারেটিভের অধীনে থাকা ৪৮২ জন শ্রমিকের বকেয়া মাসোহারা প্রদানসহ একাধিক দাবিতে সরব হল ভারতীয় মজদুর সংঘের অধীন আসাম উদ্যোগিক মজদুর সংঘ। তাঁরা শ্রমিকদের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।
সংঘের অভিযোগ, এইচপিসি বন্ধ হয়ে যাওয়ার পর স্থায়ী কর্মচারীদের ২৮ মাসের বেতন প্রদান করা হলেও কো-অপারেটিভের অধীনে থাকা ৪৮২ জন শ্রমিক মাত্র ১২ মাসের বেতন পেয়েছেন।
দীর্ঘদিন ধরে বকেয়া মাসোহারা না পাওয়ায় আর্থিক সংকটে রয়েছেন বহু শ্রমিক। তাই সংগঠনের পক্ষ থেকে মূলত তিনটি দাবি তুলে ধরা হয়। প্রথমত, ৪৮২ জন শ্রমিককে আরও এক বছরের বকেয়া বেতন প্রদান করতে হবে। দ্বিতীয়ত, পাঁচগ্রাম পেপার মিলের পরিত্যক্ত পরিকাঠামোয় গড়ে ওঠা লজিস্টিক পার্কে স্থানীয় ও ক্যাজুয়াল শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। এবং তৃতীয়ত, বৃহত্তর পাঁচগ্রাম এলাকায় নতুন শিল্প-সংস্থা স্থাপনের মাধ্যমে স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

