India & World UpdatesHappeningsBreaking News
নতুন বছরেও চালু হচ্ছে না বুলেট ট্রেন

ওয়েটুবরাক, ২ জানুয়ারি: বুলেট ট্রেন চালুর দিন ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, বুলেট ট্রেনের কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে। ২০২৭ সালের ১৫ আগস্ট এই ট্রেন প্রথম যাত্রার জন্য তৈরি হবে। তার কিছু দিন পর থেকেই যাত্রীদের নিয়ে দৌড়বে ভারতের বুলেট ট্রেন।
রেলমন্ত্রী নির্দিষ্ট করেই জানিয়েছেন, এই নতুন বছরে চালু হচ্ছে না বুলেট ট্রেন। আবার এর যাত্রা একবারে পুরো রুটেও শুরু হবে না। ধাপে ধাপে চালু করা হবে। রেলমন্ত্রী জানিয়েছেন যে দেশের প্রথম বুলেট ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত। তারপর ভাপি থেকে সুরাট পর্যন্ত, ভাপি থেকে আহমেদাবাদ পর্যন্ত এবং থানে থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে হাই স্পিড ট্রেন। আর শেষ দফায় মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে।
বুলেট ট্রেন মানেই তীব্র গতি। কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া। তবে শুধু গতি দিয়েই বুলেট ট্রেনকে মাপলে চলবে না। এই ট্রেনগুলি পরিবেশ বান্ধবও। এছাড়া অত্যন্ত সুরক্ষিত। কোচগুলি ভীষণভাবে যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে তৈরি। এই সব কোচে বিশ্বমানের সব সুযোগ-সুবিধা মিলবে।
রেলমন্ত্রকের তরফে জানান হয়েছে মুম্বই থেকে আহমেদাবাদ রুটের এই ট্রেনের প্রোজেক্টটি ৫০৮ কিমি লম্বা। আর এই লাইনের মধ্যে দিয়ে যাওয়া ট্রেনগুলি ঘণ্টায় ৩২০ কিমি বেগে চলতে পারবে। যখন পুরো করিডর একবারে চালু হয়ে যাবে, তখন মুম্বই থেকে আহমেদাবাদ মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিটে পৌঁছে যাবে।
এই প্রকল্প শুরু হয় ২০১৭ সালে। প্রথমে কথা ছিল ২০২৩ সালের মধ্যে চালু হয়ে যাবে পরিষেবা। সেটা সম্ভব হয়নি। এখন সবাই অপেক্ষায় ২০২৭ সালের ১৫ আগস্টর।


