Barak UpdatesHappeningsBreaking News

ধর্মনিরপেক্ষ হিন্দুরাই হিন্দুত্বের বড় শত্রু, কনকপুরের সম্মেলনে বলল আরএসএস

ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর: ধর্মনিরপেক্ষ হিন্দুদের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তারা। রবিবার কনকপুরে আয়োজিত হিন্দু সম্মেলনে দক্ষিণ অসম প্রান্তের প্রচারক গৌরাঙ্গ রায়, শঙ্কর মঠ ও মিশনের প্রধান বিজ্ঞানন্দ মহারাজ, প্রদীপ দেব সকলেই বলেন, হিন্দু হয়েও যাঁরা ওই মিলেমিশে থাকার তত্ত্ব আউড়ান, তাঁরাই মূলত হিন্দু ঐক্যের প্রধান প্রতিবন্ধক। বিশেষ করে তাঁরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হন।

প্রধান বক্তার ভাষণে গৌরাঙ্গ রায় বলেন, হিন্দুরা একাংশ হিন্দুর জন্যই লাঞ্ছিত হচ্ছেন। রাম নাম শুনলেই মমতাদিদির মতো হিন্দুদের রাতের ঘুম উড়ে যায়। বিজ্ঞানন্দ মহারাজ বিস্ময় প্রকাশ করেন, এক সময় যাঁরা ওপার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাঁদেরও কেউ কেউ এখন ধর্মনিরপেক্ষ সেজে হিন্দুত্বের বিরোধিতায় মেতে উঠছেন।

আর এস এস কর্মকর্তা প্রদীপ দেবও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধুনো করেন। তাঁর কথায়, অন্য কোনও নামে মসজিদ হলে আপত্তির কিছু ছিল না, কিন্তু তাই বলে মমতার পৃষ্ঠপোষকতায় বাবরি মসজিদ নির্মাণ হবে, এ কী করে মেনে নেওয়া যায়! তিনি সম্প্রদায় বিভাজন ভুলে সমস্ত হিন্দুদের সংঘবদ্ধ থাকার অনুরোধ জানান।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় সকলেই গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে, দীপু দাসকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর উল্লেখ করে তাঁরা বলেন, ভারতেও হিন্দুদের সংখ্যা নিয়ে ভাবতে হবে। প্রতি পরিবারে তিন সন্তানের জন্য মা-বাবাদের প্রতি আহ্বান জানান তাঁরা।

আরএসএসের শতবর্ষ উপলক্ষে এদিনের বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার কুমারী পূজাও হয়। কুমারীদের পা ধুইয়ে দিয়ে মাতৃজ্ঞানে তাদের পূজা করা হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়ও একই ভাবে কুমারীদের পূজা করেন। হয় গীতাপাঠও।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপকুমার পাল, আয়োজক কমিটির সভাপতি বিপ্লব দে, সম্পাদক শিবু দাস, আরএসএসের শিলচর শাখার সম্পর্কপ্রমুখ শান্তনু পাল, সেবা বণিক, আইনজীবী অমরেন্দ্র পাল, সুস্মিতা পুরকায়স্থ, মনোজ কান্তি দাস, পিন্টু পাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker