India & World UpdatesHappeningsBreaking News
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পরবেশও সঙ্গে

ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি: রামলীলা ময়দানে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির পরবেশ সাহেব সিং, আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, রবিন্দর ইন্দ্রজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং।
লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা প্রথমে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। পরে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার অন্য সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির নতুন ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে জনতাকে স্বাগত জানান।
প্রথমবার বিধায়ক হয়েই দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে বসলেন রেখা গুপ্তা। ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতা ফিরে পেয়েছে বিজেপি। এই সময়ে তিনিই সারা দেশে বিজেপির একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।
প্রভাবশালী বণিক সম্প্রদায়ের সদস্যা রেখার সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ। আরএসএস-এর সঙ্গেও যুক্ত রেখা। পরবেশ ভার্মা, সতীশ উপাধ্যায়, বিজেন্দর গুপ্তার নামই মুখ্যমন্ত্রী হিসেবে বারবার জল্পনায় উঠে এসেছিল। কিন্তু পরিষদীয় দলের বৈঠকে রেখা গুপ্তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরাই প্রস্তাব করেন।
বিধায়ক হওয়ার অভিজ্ঞতা না থাকলেও নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হিসেবে কাজ করেছেন তিনি। অর্থাৎ পুর প্রশাসক হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের দফতর বণ্টন করে দেন। সাধারণ প্রশাসন, পরিষেবা, অর্থ, রাজস্ব, নারী ও শিশু কল্যাণ এবং অন্যান্য বিভাগগুলি নিজের কাছে রেখেছেন। পরবেশ ভার্মা পিডব্লিউডি, পরিষদীয় বিষয়ক, জল, সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং গুরুদ্বার নির্বাচনের দায়িত্বে থাকবেন।
আশিস সুদকে স্বরাষ্ট্র, বিদ্যুৎ, নগরোন্নয়ন, শিক্ষা, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ এবং কারিগরি শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং আপের অতিশির পর রেখা গুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী।
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (ডিইউএসইউ) প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক রেখা দিল্লিতে বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।



