NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত

ওয়েটুবরাক, ২৬ ডিসেম্বর: প্রয়াত হলেন ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি ছিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তাঁর প্রয়াণে ধর্মনগর সহ গোটা রাজ্যে শোক পরিলক্ষিত হয়।গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। শোক প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক-মেয়র দীপক মজুমদার সহ বহু জনপ্রতিনিধি।
মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকালপ্রয়াণ রাজ্যবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। পরমকরুণাময় ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করি এবং প্রার্থনা করি তাঁর পরিবার যেনো এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট সন্ধ্যায় আগরতলা থেকে ধর্মনগরগামী লোকাল ট্রেনে বিশ্ববন্ধু সেন রওয়ানা হচ্ছিলেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে হঠাৎই শৌচালয়ে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। পরে বাইরে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
ধর্মনগরে কাছাড় ক্যান্সার হাসপাতালের শাখা খোলার ব্যাপারে তিনিই উদ্যোগ নিয়েছিলেন। তাঁর আগ্রহেই ত্রিপুরা সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছিল। জমি হস্তান্তরও হয়। দিব্যাঙ্গদের কল্যাণ নিয়েও তিনি চিন্তাভাবনা করতেন। তাঁর মৃত্যুতে এই অঞ্চলেও শোক দেখা দেয়।


