Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
তলাপাত্রের বিশ্বাস, দেশভাগ জোড়া লাগবে, কমবে ধর্মের নামে বিদ্বেষ

ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বরঃ কিছুদিন পরে হোক, কিংবা বহুদিন পরে, ভারত-পাকিস্তানের দেশভাগ জোড়া লেগে যাবে। এমনটাই বিশ্বাস করেন ওড়িশা হাই কোর্টের অবসরপ্রাপ্ত মুখ্য বিচারপতি, বিশিষ্ট লেখক শুভাশিস তলাপাত্র। তিনি বিশ্বাস করেন, হিন্দু-মুসলমানে যে বিদ্বেষ, এরও অবসান হবে।
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আয়োজিত মুজতবা আলী সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই উপলক্ষে আজ দুপুরে শিলচরে এসেছেন তলাপাত্র। বিকেলে গিয়েছিলেন বঙ্গভবন পরিদর্শনে। সেখানেই সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতায় তিনি নানা বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোথাও দেশভাগ মান্যতা পায়নি। প্রাচীর ভেঙে দুই বার্লিনের মিশে যাওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “এরা আমাদের অনেককিছু শিখিয়েছে। আসলে দেশের ভাগাভাগি জোড়া লাগতে বাধ্য।” শক্তি চট্টোপাধ্যায়ের জরাসন্ধ কবিতার কথা তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন।
বরাক উপত্যকায় প্রচুর মানুষ দেশভাগের পর ওপার থেকে এসেছে বটে, কিন্তু এখানকার স্থায়ী বাসিন্দাদের তুলনায় সংখ্যাটা অত্যন্ত নগণ্য বলে মন্তব্য করেন প্রাক্তন বিচারপতি তলাপাত্র। তাঁর কথায়, অধিকাংশ মানুষ আগে থেকেই এখানে ছিলেন। তখন এই অঞ্চল ছিল বাংলার অংশ। বাংলার যে সংস্কৃতি, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা তা এই অঞ্চল পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকভাবে নানা কথা থাকলেও সাংস্কৃতিক দিক থেকে এই অঞ্চল বাংলারই অংশ।
তাঁর কাছে আক্ষেপের কথা, সারা পৃথিবীর মানুষ সাংস্কৃতিক অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চায়, আর বরাক উপত্যকার মানুষের ওপর তার সাংস্কৃতিক অস্তিত্ব কী হবে, তা চাপিয়ে দেওয়া হয়। অথচ পঞ্জাবে দেশভাগ নিয়ে কোনও সমস্যা নেই। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “দেশভাগকে তারা বাস্তবের সঙ্গে মিলিয়ে নিয়েছেন। কিন্তু আমরা এই নিয়ে কথা বলতে আড়ষ্টবোধ করি।”
তলাপাত্র শোনান, “তত্ত্ব আর বাস্তবের মধ্যে মনে রাখতে হবে, জীবনের প্রয়োজনে তত্ত্ব, তত্ত্বের জন্য মানুষের সৃষ্টি হয়নি। অথচ আমরা সবকিছুতে তত্ত্ব খুঁজি।”
কীর্তন কী, এর সামাজিক ভূমিকা কী, সে সব না বুঝেই পক্ষ-বিপক্ষে তর্ক জুড়েন অনেকে। তাঁর ব্যাখ্যা, চৈতন্যদেব কীর্তন করতে করতে মুসলমানদের জড়িয়ে ধরতেন। তাকে কীর্তনের অংশ করতেন। বাংলার যে সমন্বয়, বাঙালির যে জাতীয়তাবাদ তা কীর্তনেই ফুটে ওঠে। এ কথাও একসময় সকলে বুঝতে পারবেন বলেই বিশ্বাস করেন অবসরপ্রাপ্ত মুখ্য বিচাপতি তলাপাত্র।



