NE UpdatesHappeningsBreaking News
টালিগঞ্জে ভূপেন হাজারিকার বাড়ি কিনতে চায় অসম সরকার, শুভেন্দুকে চিঠি
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর: ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জীবনের স্মৃতি জড়িয়ে থাকা কলকাতার টালিগঞ্জের বাড়িটি কিনে সেটিকে হেরিটেজ সম্পত্তি হিসেবে সংরক্ষণ ও উন্নত করতে চাইছে অসম সরকার। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে এই চিঠির বিষয়টি শেয়ার করে হিমন্ত বিশ্ব শর্মা জানান, ভূপেনদার জীবনে কলকাতা অতি গুরুত্বপূর্ণ একটি স্থান এবং টালিগঞ্জের এই বাড়িতে বসেই তিনি অজস্র কালজয়ী গান সৃষ্টি করেছেন। সেই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতেই অসম সরকারের এই উদ্যোগ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, টালিগঞ্জের ৭৭বি, গল্ফ ক্লাব রোডের ঠিকানায় থেকে ড. ভূপেন হাজারিকা তাঁর সঙ্গীতের একটি বড় ও গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। এই বাড়িটির সঙ্গে অসমের মানুষের গভীর আবেগ জড়িয়ে রয়েছে। সে কারণেই সম্পত্তিটি কিনে নিয়ে একটি হেরিটেজ সাইট হিসেবে গড়ে তুলতে বিশেষ আগ্রহী অসম সরকার। এই প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা পূরণ করতে অসম সরকার প্রস্তুত বলেও চিঠিতে জানিয়েছেন হিমন্ত।


