NE UpdatesAnalyticsBreaking News
জন্মবার্ষিকীতে লতা মঙ্গেশকরের অসমীয়া সংগীত-ঐতিহ্য স্মরণ হিমন্তের

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর : কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে ২৮ সেপ্টেম্বর তাঁকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার সঙ্গে লতা মঙ্গেশকরের সংগীতের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। এক্স-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রী লতা মঙ্গেশকরের প্রথম অসমিয়া গান ‘জোনাকৰে ৰাতি, অসমীৰে মাটি’-র কথা স্মরণ করেন। ১৯৫৬ সালের অসমিয়া চলচ্চিত্র ‘এৰা বাটৰ সুৰ’-এর জন্য গানটি রচনা করেছিলেন ড. ভূপেন হাজরিকা।
হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গানটি অসমের সংগীতের স্মৃতিতে আজও অমলিন হয়ে রয়েছে। লতা মঙ্গেশকর ও ভূপেন হাজরিকার সংগীতের সম্পর্কও কয়েক দশক ধরে অব্যাহত ছিল বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী লতা মঙ্গেশকরের ‘আই’ শব্দটি নিয়ে করা একটি মন্তব্যের কথাও উল্লেখ করেন। ‘আই’ শব্দের অর্থ মারাঠি ও অসমিয়া—দুই ভাষাতেই ‘মা’। এই অভিন্ন শব্দকে অসম ও মহারাষ্ট্রের মধ্যে একটি সাংস্কৃতিক সংযোগ হিসেবে তুলে ধরেন তিনি।
হিমন্ত লেখেন, “অসম যখন #BhupenDaAt100 উদযাপন করছে, তখন দুই কিংবদন্তি সংগীতশিল্পীকে স্মরণ করছি, যাঁদের কণ্ঠ অসম ও মহারাষ্ট্রের মধ্যে এক চিরন্তন সেতুবন্ধন তৈরি করেছিল।” মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লতা মঙ্গেশকরের কণ্ঠে ‘জোনাকৰে ৰাতি, অসমীৰে মাটি’ গানটির পরিবেশনার একটি লিঙ্কও শেয়ার করেন।



