NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি বিমানবন্দরে ইন্ডিগো বিমানের হঠাৎ ‘গো অ্যারাউন্ড’ প্রক্রিয়া, নিরাপদ অবতরণ

গুয়াহাটি, ১৭ আগস্ট : রবিবার ডিব্রুগড় থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো ফ্লাইটের যাত্রীদের মধ্যে কিচুক্ষণের জন্য উৎকণ্ঠা ছড়াল। বিমানটি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক (এলজিবিআই) বিমানবন্দরে অবতরণের কয়েক সেকেন্ড আগে হঠাৎ ‘গো অ্যারাউন্ড’ (আবার ঘুরে আসা) কৌশল গ্রহণ করে। এই যাত্রীদের মধ্যে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরাও ছিলেন।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, 6E-187 নম্বর ফ্লাইটের এই ঘটনাটি ছিল সম্পূর্ণরূপে একটি সাধারণ নিরাপত্তা প্রক্রিয়া। এতে যাত্রীদের কোনও ঝুঁকি ছিল না। সংস্থার এক কর্মকর্তা বলেন, “গো-অ্যারাউন্ড অবতরণের সময় একেবারেই স্বাভাবিক একটি প্রক্রিয়া। যদি পাইলটের কোনও সমস্যা হয়, তিনি পুনরায় অবতরণের জন্য ঘুরে আসতে পারেন। এটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারবাসটি দ্বিতীয় প্রচেষ্টায় সফলভাবে অবতরণ করে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পরবর্তী যাত্রায় রওনা হয়। ‘গো অ্যারাউন্ড’—যা ‘মিসড অ্যাপ্রোচ’ বা ‘অ্যাবর্টেড ল্যান্ডিং’ নামেও পরিচিত।এটি একটি স্বীকৃত বিমান চলাচল নিরাপত্তা প্রক্রিয়া। এ কাজটি পাইলট নিজেই শুরু করতে পারেন অথবা এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকেও নির্দেশ দেওয়া হতে পারে। অস্থির অবতরণ, রানওয়েতে বাধা বা প্রতিকূল আবহাওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। কর্তৃপক্ষ পুনরায় জানিয়েছেন, যাত্রী বা বিমানের ওপর কোনও প্রভাব পড়েনি এবং এই প্রক্রিয়াটি বিমান চলাচল নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে।



