NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
গুয়াহাটি-শিলচরে বন্যার জন্য জবরদখলকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ৩ জুন: ২০২২ সালের ভয়াবহ বন্যার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেতুকান্দির বাঁধ কাটাকে দায়ী করেছিলেন। এ বার অবশ্য বাঁধ কাটার অভিযোগ বা ঘটনা নেই। তাহলে শিলচর শহরে আচমকা এত জল জমল কী করে? মুখ্যমন্ত্রী শর্মার জবাব, শুধু শিলচরই নয়, গুয়াহাটিতেও কিছু দিন পর পর যে জল জমে যায়, এর প্রধান কারণ জলের রাস্তা জবরদখল। জবরদখলের জন্যই জল যেতে পারে না। এ থেকে পুরোপুরি বেরিয়ে আসা যে সম্ভব নয়, মুখ্যমন্ত্রী সে কথা স্পষ্ট শুনিয়ে দেন।
মঙ্গলবার সকালে শিলচরে এসে বানভাসিদের সঙ্গে কথা বলে জেলাশাসকের কনফারেন্স হলে গিয়েই মুখ্যমন্ত্রী শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, জল যাওয়ার রাস্তা দখল হয়ে গিয়েছে। যেমন শিলচরে, তেমনি গুয়াহাটিতে। কিন্তু যারা জবরদখল করেছেন, তাঁরা গরিব মানুষ, তাই তাদের তোলাও যাবে না।
এর পরই তাঁর সমাধান সূত্র, গূয়াহাটির মত এখানেও পাম্প লাগিয়ে জমাজল নদীতে ফেলতে হবে। পুরোটা হয়তো যাবে না। তবু ৫০ শতাংশ সম্ভব হতে পারে। এতে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এই সময়ে শহরে দশটি পাম্প কাজ করছে। প্রয়োজনে আরও কয়েকটি পাম্প লাগানো যেতে পারে বলে আশ্বস্ত করেন হিমন্ত।



