Barak UpdatesHappeningsBreaking News
আমি যতটা পারি সাহায্য করব, আশ্রয় শিবিরে বন্যার্তদের বললেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৩ জুন : কয়েক ঘণ্টার ঝটিকা সফরে শিলচর ঘুরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সকালে শিলচরে পা রাখেন মুখ্যমন্ত্রী। মূলত শহরের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া বন্যাদুর্গতদের খোঁজখবর নিতেই আসেন তিনি। তাঁর সঙ্গে এ দিন আসেন আরেক মন্ত্রী পীযুষ হাজরিকাও। আশ্রয় শিবিরগুলো পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রাই, দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মিহির কান্তি সোম, জেলাশাসক মৃদুল কুমার যাদব সহ বিজেপির বিভিন্ন কর্মকর্তা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী শিলচর পৌঁছে প্রথমেই যান সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে থাকা ত্রাণ শিবিরে। সেখানে শিবির পরিদর্শন করে আশ্রিত বন্যাদুর্গতদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হন। মুখ্যমন্ত্রী শিবিরে প্রবেশ করে একের পর এক কক্ষে ঢুকে বানভাসিদের সঙ্গে কথা বলেন। হিমন্ত আশ্রিতদের কাছে জানতে চান তাঁদের বাড়িঘর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি ত্রাণ পাচ্ছেন কি না বা নাম তালিকাবদ্ধ করেছেন কি না।
‘তোমার ঘরে বাড়িতে কতটা জল হয়েছে ? নাম লিস্ট করেছেন ? খাবার-দাবার পেয়েছেন না কি ? খেয়াল করে আপনারা নাম লিস্ট করাবেন। আমি যতটা পারি সাহায্য করব,’ প্রায় সব শিবিরে বন্যার্তদের সঙ্গে আলাপচারিতায় এ কথাগুলো জিগ্যেস করেছেন মুখ্যমন্ত্রী। অনেক বৃদ্ধার সঙ্গে কথাবার্তায় নিজেই কোমরে হাত রেখে বলেছেন, ‘এতটুকু জল হয়েছে না কি আপনার ঘরে ?’ কেউ কেউ আবেগে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন। আবার কারোর নিজের দুর্দশার কথা বর্ণনা করতে গিয়ে চোখ জলে ভারি হয়ে গেছে। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মুখ্যমন্ত্রী সব বিষয়ই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলেছেন।
কেউ কেউ আবার নিজেদের সমস্যা বর্ণনা করে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্রও দিয়েছেন। বিভিন্ন শিবিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় বার বার মুখ্যমন্ত্রী জেলাশাসককে তলব করেছেন। জেলার কর্তাকে বুঝিয়ে বলেছেন, কীভাবে সেই সমস্যা সমাধান করা যায়। অবশ্য বিভিন্ন শিবিরে আশ্রিত বন্যার্তদের সঙ্গে কথা বলতে গিয়েও হিমন্ত বারা বার জেলাশাসককে ডেকে ঠিকঠাকভাবে তালিকা তৈরি করার কথা বলেছেন।
সরকারি উচ্চতর বালক বিদ্যালয় থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী নর্মাল স্কুলের ত্রাণ শিবির পরিদর্শনে যান। সেখান থেকে তিনি যান কেন্দ্রীয় বিদ্যালয় ত্রাণ শিবিরে। এরপর কসমিক মার্কেট, মালিনীবিল এলাকায় গঠিত ত্রাণ শিবির পরিদর্শন করে সেখানকার শিবিরবাসীদের সঙ্গে কথা বলেন। একেবারে শেষে মুখ্যমন্ত্রী হিরণপ্রভা দেব শিশু মন্দির ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করেন।



