Barak UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় বিদ্যালয় : প্রহ্লাদ যোশির সঙ্গে সাক্ষাৎ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের

ওয়েটুবরাক, ২৫ আগস্ট: কেন্দ্রীয় বিদ্যালয়, আসাম বিশ্ববিদ্যালয় (শিলচর)-এর সম্ভাব্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি-র সঙ্গে সাক্ষাৎ করলেন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
শুধু আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়েই নয়, বরাক উপত্যকার সামগ্রিক শিক্ষা পরিকাঠামো, উচ্চশিক্ষা এবং কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উন্নয়ন সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ও শিক্ষামন্ত্রীর নজরে নেন তিনি।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে এক আবেদনপত্রে সাংসদ উল্লেখ করেন যে, আর্থিক সংকটের কারণে ‘প্রজেক্ট মোড’-এ পরিচালিত এই কেন্দ্রীয় বিদ্যালয়টির অস্তিত্ব আজ চরম অনিশ্চয়তার মুখে। বিদ্যালয়টি পরিচালনার জন্য বছরে প্রায় ৩ কোটি টাকা প্রয়োজন হলেও বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই ব্যয়ভার বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। শুধুমাত্র আর্থিক সংকটের কারণে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হলে শত শত শিশুর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হবে।
সাংসদ শুক্লবৈদ্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান যে, বিদ্যালয়টির চারপাশে অবস্থিত ওয়েস্ট জালেঙ্গা, রোজকান্দি, বড়জালেঙ্গা, দার্বি, অ্যালেনপুর, শিলকুড়ি, ভরাখাই, বিনোদনগর, কৈলাসপুর, আইরংমারা সহ দশটি বৃহৎ চা-বাগান এবং আরও কয়েকটি ক্ষুদ্র চা-বাগানের অনেক শ্রমিক ও কর্মচারীর সন্তানদের কাছে এই বিদ্যালয়ই মানসম্মত শিক্ষার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই বিদ্যালয় বন্ধ হয়ে গেলে তাদের আশার আলো চিরতরে নিভে যেতে পারে।
তিনি আরও উল্লেখ করেন যে, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন নিয়মিত শিক্ষক এবং ৩০০ জন নিয়মিত অশিক্ষক কর্মচারীর সন্তানদের শিক্ষার অন্যতম ভরসাও এই কেন্দ্রীয় বিদ্যালয়। বিদ্যালয়টি বন্ধ হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পরিবার গভীর অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং এর নেতিবাচক প্রভাব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশেও পড়বে।
সাংসদ পরিমল শুক্লবৈদ্য শিক্ষামন্ত্রীর কাছে জোরালোভাবে আবেদন জানান যে, বিদ্যালয়টির প্রয়োজনীয় পরিকাঠামো, শ্রেণিকক্ষ এবং অন্যান্য সমস্ত সুযোগ-সুবিধা ইতিমধ্যেই বিদ্যমান থাকায় কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন-এর অধীনে বিদ্যালয়টিকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলতে পারে এবং হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত হয়।
বৈঠক শেষে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রী বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান।


