Barak UpdatesHappeningsCultureBreaking News
উনিশের সকালে স্টেশন প্রাঙ্গণে শহিদ শ্রদ্ধা, বর্ণমালার রোদ্দুর উন্মোচন

ওয়ে টু বরাক, ১৯ মে : শহিদ দিবসের সকালে জেগে উঠল শহর শিলচর। এ দিন সকালের অনুষ্ঠান শুরু হয় শিলচর রেল স্টেশনে। সকাল থেকেই জমায়েত হতে থাকে ভাষা শহিদ স্টেশন শিলচর প্রাঙ্গণে। সকাল সাড়ে ছটার একটু আগে থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সদস্যা সহ শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা হাজির হন সেখানে। স্টেশন প্রাঙ্গণে থাকা শহিদ বেদিতে সবাই সারিবদ্ধভাবে একের পর এক পুষ্পার্ঘ অর্পণ করেন।
সকাল ৭টা নাগাদ স্টেশন প্রাঙ্গণে থাকা মুক্তমঞ্চে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই এই আয়োজনের সূত্র ধরিয়ে দেন ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রাজীব কর। গত কুড়ি বছর ধরে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহিদ স্টেশন শিলচর করার যে দাবি তারা জানিয়ে আসছেন সে ব্যাপারে আলোকপাত করেন। তিনি আশা প্রকাশ করেন, হয়তো আগামী ১৯ শে মে আসার আগেই শিলচর স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহিদ স্টেশন শিলচর করবে সরকার।
এরপর ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির উনিশে মে উপলক্ষে প্রকাশিত মুখপত্র বর্ণমালার রোদ্দুর উন্মোচন করেন অতিথিরা। এই পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বাবুল হোড়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বাংলা সাহিত্য সভা অসমের সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী, সব্যসাচী পুরকায়স্থ, সাধন পুরকায়স্থ, শরিফুজ্জামান লস্কর, পত্রিকা সম্পাদক দেবাশিস পুরকায়স্থ প্রমুখ।



