Barak UpdatesHappeningsBreaking News

আজ বঙ্গভবনে ভাষাসেনানী সম্মাননা, স্মারক বক্তৃতা, রাজপথে আলপনা, সঙ্গীত

ওয়েটুবরাক,  ১৭ মে : ১৯৬১-র ভাষা আন্দোলনের ৬৪-তম বার্ষিকী উদযাপনে বরাক উপত্যকা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন টানা কর্মসূচি হাতে নিয়েছে। বিদ্যালয়ে বিদ্যালয়ে ‘ অন্তরঙ্গ আলাপচারিতায় ভাষা শহিদদের জানো’, বঙ্গভবনে ভাষা সেনানীদের সম্মাননা প্রদান ও ১৯ চর্চায় স্মারক বক্তৃতা, রাজপথে আলপনা, সংগীত ও কবিতা পাঠের অনুষ্ঠান, গান্ধীবাগে মুক্তমঞ্চে কথা, গান, নৃত্য ও চিত্রকলায় ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে।

       আগামীকাল রবিবার সকাল ১১ টায় শিলচর বঙ্গভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে উনিশের আবাহন। এতে তিন ভাষাসেনানী নীলিমা বিশ্বাস, মকব্বির আলি বড়ভূঁইয়া ও সুব্রত দেবরায়কে উনিশের সম্মাননা তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে মৃণাল কান্তি দত্ত বিশ্বাস (পলু) ও সুমিত্রা ঘোষকে ( বেবি পুরকায়স্থ)। সম্মাননা প্রদান পর্বের পর ‘ভাষা সংস্কৃতি ও অপরত্ব’ নিয়ে স্মারক বক্তৃতা দেবেন আসাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপিকা শুভ্রা নাগ। বিকেল তিনটা থেকে বঙ্গভবনের সামনে রাজপথে শুরু হবে উনিশের আলপনা কর্মসূচি । এতে অংশ নেবেন শিলচরের চিত্রশিল্পীরা । পাশাপাশি চলবে সংগীত, আবৃত্তি ও কথার অনুষ্ঠান ।

১৯ মে সকালে শিলচর রেল স্টেশন, শ্মশানঘাট ও বঙ্গভবনে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করার পর দুপুর একটা থেকে শিলচর গান্ধীবাগ চত্বরে বরাকবঙ্গের শিলচর শহর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে কথা, গান ,স্বরচিত কবিতা পাঠ , আবৃত্তি, নৃত্য ও শিল্পকলা প্রদর্শন।

এদিকে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বরাকবঙ্গের ‘অন্তরঙ্গ আলাপচারিতায় ভাষা শহীদদের জানো’ কর্মসূচি। এই কর্মসূচি চলবে আগামী ২১ জুলাই অবধি। বৃহস্পতিবার শিলচরের কাছাড় হাইস্কুল ও শনিবার উধারবন্দের শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় ওই কর্মসূচি। কাছাড় হাইস্কুলে ভাষাশহিদদের জানো কর্মসূচিতে ৬১-র ভাষা আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্ব ও ভাষা আন্দোলনের গল্প বলা অনুষ্ঠিত হয়। আলোচনা ও গল্প বলায় অংশ নেন বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর, পূর্বতন সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন বরাকবঙ্গের পক্ষে সুপ্রদীপ দত্তরায়, সঙ্গে ছিলেন বকুল চন্দ্র নাথ, সুশান্ত কুমার সেন ও অভিজিৎ ধর। পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুরাধা সেনগুপ্ত।

শনিবার উধারবন্দ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ অনুষ্ঠানে পড়ুয়াদের সামনে আলোচনা ও শহিদদের নিয়ে গল্প বলায় অংশ নেন জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত ও সংগঠনের দূর-শিক্ষা কেন্দ্রের সঞ্চালক পরিতোষ চন্দ্র দত্ত। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন বরাকবঙ্গের সুপ্রদীপ দত্তরায়, সঙ্গে ছিলেন বকুল চন্দ্র নাথ, সুশান্ত কুমার সেন, অভিজিৎ ধর ও নীহার রায়। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ব্রজেশ্বর সিংহ ও বিদ্যালয়ের শিক্ষিকারা।

আগামীকাল সকাল ১১টায় বঙ্গভবনে উনিশের ভাষা সেনানীদের সম্মাননা প্রদান ও স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছে বরাকবঙ্গের কাছাড় জেলা সমিতি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker