NE UpdatesHappeningsBreaking News
অসমে ককরোচদের লড়াই সবে শুরু, হিমন্তকে চ্যালেঞ্জ
ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর: এবার অসমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চলেছে ককরোচ জনতা পার্টি, সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। মুক্তি পেয়েই রাঙ্কা আন্দোলন জোরদার করার ইঙ্গিত দিয়ে সরব হয়েছেন ।
একটি পোস্টে সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “অসমের ককরোচরা তো সবে শুরু করেছে।” রাঙ্কা দাবি করেন, পুলিশ তাঁকে ও তাঁর টিমকে ‘অবৈধভাবে’ আটক করেছিল। তিনি বলেন,”আমরা পুলিশকে প্রশ্ন করি, আমাদেরকে কীসের ভিত্তিতে আটক করা হয়েছে? এর উত্তরে পুলিশ জানায়, তাঁরা জানে না। ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।”
রাঙ্কা বলেন, নির্ধারিত বৈঠকে অসমের স্কুলগুলোর উন্নতি, কাজিরাঙার আদিবাসীদের অধিকার রক্ষা এবং এপ্রিলের নির্বাচনে শাসক দলকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব আমাদের ভয় দেখাতে তাঁর পুলিশ ব্যবহার করেছেন। কিন্তু তিনি ভুলে গিয়েছেন, এটা জুবিন (গার্গ)-এর মাটি, যিনি ন্যায়ের জন্য লড়াই করেছিলেন। আমরা আমাদের সন্তানদের জন্য স্কুল এবং যুবকদের জন্য চাকরি চাই।”


