Barak UpdatesHappeningsBreaking News
শ্রমিক কর্মচারী যৌথ মঞ্চের উদ্যোগে “মে দিবস” উদযাপন

ওয়েটুবরাক, ১ মে: বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও সামাজিক সংগঠনের যৌথ মঞ্চের উদ্যোগে আজ শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন স্থানে মহান মে দিবসের রক্ত পতাকা উত্তোলন করা সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দিনটিকে শ্রমিক সংহতি দিবস রূপে পালন করা হয়। শিলচরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক কর্মচারী যৌথ মঞ্চের পক্ষ শহিদ ক্ষুদিরাম মূর্তির সামনে রক্ত পতাকা উত্তোলন করেন হায়দর হুসেন চৌধুরী। শহীদ বেদীতে মাল্যদান করেন দেবদত্ত বিশ্বাস। মে দিবসের শ্রমিক শ্রেণির স্বার্থ সম্বলিত প্রস্তাব পেশ করেন সুপ্রিয় ভট্টাচার্য। প্রস্তাবের সমর্থনে একে একে বক্তব্য রাখেন সুব্রত নাথ, মিহির নন্দী, লোকনাথ দেবরায়, হায়দর হুসেন, অতীন দেব চৌধুরী, সুভাষ দেব, দেবদত্ত বিশ্বাস প্রমুখ। এই জমায়েতে সম্প্রতি প্রয়াত শ্রমিক নেতা রফিক আহমেদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যেও শতাধিক শ্রমিক কর্মচারীদের এক মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে নাজিরপট্টি গোলদিঘি মলের সামনে সমাপ্ত হয়।


