Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে “পার্পল মেলা”: বিশেষভাবে সক্ষমদের প্রতিভার উৎসব ৯ মার্চ

ওয়েটুবরাক, ৭ মার্চ : শিলচর এবার এক ভিন্নধর্মী আয়োজনের সাক্ষী হতে চলেছে। আগামী ৯ মার্চ কাছাড় জেলা প্রশাসন ও সক্ষম সংস্থার যৌথ উদ্যোগে এবং ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ দিব্যাঙ্গ ক্ষমতায়ন বিভাগের সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “পার্পল মেলা”। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা, দক্ষতা ও আত্মনির্ভরতার এক অনন্য প্রকাশ হবে এই মেলায়।
শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে সকাল ৯টা থেকে শুরু হবে এই মেলা। মূল লক্ষ্য, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং তাদের প্রতিভা, শিল্প-সংস্কৃতি ও দক্ষতাকে সম্মানের সঙ্গে সমাজের সামনে তুলে ধরা।
বর্ণাঢ্য এই আয়োজনে থাকছে নানান প্রতিযোগিতা ও প্রদর্শনী। খাবারের স্টল থেকে শুরু করে বোকসিয়া ও হুইলচেয়ার রেস, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, মাইম, স্ট্যান্ডআপ কমেডি, আর্ট প্রতিযোগিতা—সবকিছুই থাকছে অংশগ্রহণকারীদের জন্য। বিশেষভাবে সক্ষম উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে, যা তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করবে। এছাড়া, অনুপ্রেরণামূলক বক্তৃতার মাধ্যমে দিব্যাঙ্গ ব্যক্তিদের সাফল্যের কাহিনি তুলে ধরা হবে, যা অন্যদেরও অনুপ্রেরণার উৎস হতে পারে। এনজিও, বিশেষ বিদ্যালয় এবং বিভিন্ন সংস্থা এখানে অংশ নেবে।
মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে দিব্যাঙ্গদের জন্য বিনামূল্যে ইউ.ডি.আই.ডি সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া, যা ডি.ডি.আর.সি কাছাড়ের উদ্যোগে সম্পন্ন হবে। এটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সরকারি সুবিধার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অনুপ্রেরণা দিতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগকে সফল করার জন্যে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শিলচর তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।


