Barak UpdatesHappeningsBreaking News
বরাক এডুকেশন সোসাইটির ‘ভিশন ফর মিশন’ বুধুরাইল হাই স্কুলে

ওয়েটুবরাক, ১৯ নভেম্বর: শিলচর শহরতলীর বুধুরাইল হাইস্কুলে উপত্যকার অগ্রনী স্বেচ্ছাসেবী বৌদ্ধিক সংগঠন বরাক এডুকেশন সোসাইটির উদ্যোগে ও হাইস্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় সোসাইটির শিক্ষা সচেতনামূলক অনুষ্ঠান ‘ভিশন ফর মিশন-৫’ স্কুলের প্রেক্ষাগ্রহে অনুষ্ঠিত হয় । স্কুলের প্রধান শিক্ষক যশোবন্ত নারায়ণ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন অনুষ্ঠানের সংযোজক তথা সোসাইটির অন্যতম উপসভাপতি জামিল আহমেদ বড়ভুইয়া । অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন সোসাইটির কেন্দ্রীয় সংযোজক, আসাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, বিশিষ্ট লেখক ড. আবুল হাসান চৌধুরী । তিনি ছাত্রছাত্রীদের জীবনে বড় মানুষ হওয়ার জন্য বড় স্বপ্ন দেখার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেন ।
এরপর মানবজীবনে জ্ঞানার্জনের গুরুত্ব নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সারগর্ভ বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্ডিয়া ইন্সিয়োরেন্স কোম্পানি লিমিটেড শিলচরের ডিভিশনাল ম্যানেজার আবুল হোসেন লস্কর । তিনি যুগের সাথে সামঞ্জস্য রাখতে বিভিন্ন বিষয়ে সর্বাধুনিক ও কৌশলগত শিক্ষায় দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন । অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মুখ্য আকর্ষন ‘এসো স্বপ্ন দেখি’ পরিচালনা করেন বরাক এডুকেশন সোসাইটির সাধারণ সম্পাদক তথা শিলচর জীবন বিমা নিগমের ডেভেলাপমেন্ট অফিসার লাল মিয়া লস্কর । তিনি প্রজেক্টারের সাহায্যে ভিডিও ডেমোনস্ট্রেটর প্রদর্শনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের সম্মুখে সফল ভবিষ্যত জীবন গড়ার স্বপ্ন লালনের জন্য অনুপ্রাণিত করেন । তাঁর দক্ষতাপূর্ণ পরিচালনায় এক সময় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে । তারপর ‘চলো মহান মানুষদের স্মরণ করি’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এতে সহযোগিতা করেন ড. আবুল হাসান চৌধুরী ।. সভায় প্রাসঙ্গিক ও আবেগময়ী বক্তব্য রেখে ছাত্রছাত্রীদের নানা ধরণের গঠনমূলক উপদেশ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যশোবন্ত নারায়ণ চৌধুরী । প্রত্যকে বক্তাই নিজ মাতা-পিতা ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল হতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান । এদিনের অনুষ্ঠানকে সফল করে তুলতে সক্রিয় ভাবে সহযোগিতা করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ। এদের মধ্যে রয়েছেন বলরাম ঘোষ, মওলানা নুরুল হক বড়ভুইয়া, রূপা পাল, ফুলবাবু প্রমুখ । সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।


