India & World UpdatesAnalyticsBreaking News
ইউপিএস-এও এ বার এনপিএস-র মতো ট্যাক্স সুবিধা, ঘোষণা কেন্দ্রের

নতুনদিল্লি, ৪ জুলাই : নতুন ইউনিফাইড পেনশন স্কিম-এ জাতীয় পেনশন স্কিম অর্থাৎ এনপিএস-এর মতোই ট্যাক্স সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল অর্থ মন্ত্রক। শুক্রবার এক বিবৃতিতে অর্থ মন্ত্রক জানিয়েছে, ইউপিএস-কে এনপিএস-এর একটি অপশন হিসেবে নোটিফাই করা হয়েছে। ফলে এনপিএস-এর অধীনে যে সমস্ত ট্যাক্স সুবিধা আগে পাওয়া যেত, তা এবার থেকে ইউপিএস-এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
অর্থ মন্ত্রক জানিয়েছে, ইউপিএস-কে আরও জনপ্রিয় করার লক্ষ্যে এবং কর্মচারীদের কর ছাড়ের সুবিধা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে এনপিএস এবং ইউপিএস-এর মধ্যে সমতা বজায় থাকবে এবং সরকারি কর্মীরা ইউপিএস বেছে নিলে তারা সমান কর সাশ্রয় এবং সঞ্চয়ের সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ইউপিএস-এর আওতাভুক্ত কর্মচারীরাও এবার থেকে অবসর ও মৃত্যুকালীন গ্র্যাচুইটি সুবিধা পাবেন, যা আগে শুধুমাত্র ওল্ড পেনশন স্কিমের আওতায় ছিল। এটি সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেমেন্ট অব গ্র্যাচুইটি আন্ডার ন্যাশনাল পেনশন সিস্টেম) রুলস, ২০২১-এর অধীনে প্রযোজ্য হবে। ইউনিফাইড পেনশন স্কিমের অন্তর্ভুক্তিতে সরকারি কর্মচারীরা একদিকে যেমন স্থায়ী এবং নির্দিষ্ট পেনশনের নিশ্চয়তা পাচ্ছেন, তেমনি ট্যাক্স সাশ্রয়ের সুযোগও পাচ্ছেন।


