India & World UpdatesHappeningsBreaking News

মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

ওয়েটুবরাক, ১৩ জুলাই মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বারামুলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬ হলেও উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে হওয়ায় বেশ ঝাঁকুনি অনুভূত হয়। এই ভূমিকম্পে অবশ্য এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পরিস্থিতির উপরে নজর রাখছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত প্রায় ২টো নাগাদ কম্পন অনুভূত হয়। তুলনামূলক কম মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কম্পনের জেরে আতঙ্ক ছড়ায়। ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই।

ভূমিকম্পের পরে পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া বা কারও আহত হওয়ার খবর মেলেনি। তবে পরবর্তী কোনও আফটারশকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, বারামুলা ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও সেখানে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই বার পাট্টন এলাকা ছিল কম্পনের উৎসস্থল। পরপর কয়েক মাসের ব্যবধানে ফের ভূমিকম্প হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে চলা এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ।

যদিও বিশেষজ্ঞদের মতে, ৩.৬ মাত্রার ভূমিকম্প সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায় না। তবু ভূমিকম্পপ্রবণ এলাকায় সবসময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভূমিকম্পের গভীরতা, কেন্দ্রস্থলের অবস্থান এবং স্থানীয় ভূতাত্ত্বিক পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে। তাই কম মাত্রার কম্পন হলেও একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker