Barak UpdatesHappeningsBreaking News
রোটারেক্ট ক্লাবের বিচারে দুর্গাপূজায় সেরা সোনাই রোডের শ্রীভূমি ক্লাব

ওয়েটুবরাক, ১৬ অক্টোবর: শিলচর রোটারেক্ট ক্লাবের বিচারে এ বারের দুর্গাপূজার সেরা আয়োজন করেছে সোনাই রোডের শ্রীভূমি ক্লাব। মণ্ডপ, প্রতিমা, আলোক, নিয়ম শৃঙ্খলায় সুন্দর ভারসাম্য বজায় রেখে দর্শকদের মনোরঞ্জন করেছে। সার্বিক ভাবে দ্বিতীয় এন এন দত্ত রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। প্রথম পল্লী সর্বজনীন দুর্গাপূজা কমিটি হয়েছে সার্বিক ভাবে তৃতীয়।
গত শনিবার আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। একইসঙ্গে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। সম্মানিত অতিথি রোটারি ডিস্ট্রিক্ট ৩২৪০-র অ্যাসিস্ট্যান্ট গভর্নর বিশ্বজিৎ বণিক ও শিলচর রোটারি ক্লাবের সভাপতি, বিশিষ্ট আইনজীবী দেবাশিস সোম। বিশেষ অতিথি রোটারেক্ট কমিটি চেয়ারম্যান সুহান আহমেদ স্বপ্নিল।
তাঁদের হাত থেকে শাস্ত্রীয় প্রতিমায় প্রথম পুরস্কার গ্রহণ করে চৌরঙ্গী স্থিত অম্বিকাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি। শাস্ত্রীয় প্রতিমায় দ্বিতীয় দক্ষিণ বিলপার সর্বজনীন দুর্গাপূজা কমিটি। আশীর্বাদ বিবাহ ভবনে আয়োজিত নর্থ ইস্ট কনজ্যুমার সেলস দুর্গা পূজা কমিটির প্রতিমা শাস্ত্রীয় প্রতিমায় তৃতীয় হিসেবে পুরস্কৃত হয়েছে।
আধুনিক প্রতিমা বিভাগে প্রথম ডে লাইট ক্লাব, দ্বিতীয় অল মেডিক্যাল সেলস পিপলস দুর্গাপূজা কমিটি এবং তৃতীয় স্থান অধিকার করে দেশবন্ধু রোড দুর্গা পূজা কমিটি।
পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রথম তারাপুর সর্বজনীন রাইস মিল দুর্গাপূজা কমিটি, দ্বিতীয় তারাপুর কালীমোহন রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং তৃতীয় মেহেরপুরের অ্যাপলো ক্লাব ।
চোখধাঁধানো মণ্ডপ গড়ে মণ্ডপসজ্জা বিভাগের প্রথম পুরস্কার লাভ করেছে আপনজন দুর্গাপূজা কমিটি। দ্বিতীয় বিলপার দুর্গাবাড়ি পূজা কমিটি এবং তৃতীয় শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটি ।
আলোকসজ্জায় প্রথম চেংকুড়ি রোড স্থিত নবোদয় সর্বজনীন দুর্গাপূজা কমিটি, দ্বিতীয় মিতালী সংঘ সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং তৃতীয় রাধামাধব রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি।
নিয়মশৃঙ্খলার জন্য শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত হয়েছে আনন্দ পরিষদ সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় শ্রেষ্ঠ ইটখলা দুর্গাপূজা কমিটি । ইকো ফ্রেন্ডলি আয়োজন করে পুরস্কার লাভ করেছে সুভাষনগর কলেজ রোড দুর্গা পূজা কমিটি ।

বড় পূজা করেও যে শব্দদূষণের ব্যাপারে সতর্ক থাকা যায়, এর প্রমাণ রেখেছে দুর্গাশঙ্কর পাঠশালায় আয়োজিত পশ্চিম অম্বিকাপুর দুর্গাপূজা। গত শনিবার ওই পূজা কমিটিকেও রানিং ট্রফি তুলে দেয় শিলচর রোটারেক্ট ক্লাব। তাদের বিচারে এবার শ্রেষ্ঠ থিমের সন্ধান মিলেছে তারাপুর মোটরস্ট্যান্ড সর্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে। ওই দিন তাদেরও পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ নিরঞ্জনের পুরস্কার লাভ করেছে সর্বজনীন দুর্গাপূজা কমিটি, জেলা আয়ুক্তের কার্যালয়, কাছাড়।

এছাড়া বিশেষ রোটারেক্ট পুরস্কার প্রদান করা হয়েছে দুই পূজা কমিটির সদস্যদের। এরা হল তেইশ পল্লী নাজিরপট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং মধ্য মালুগ্রাম দুর্গাপূজা কমিটি ।
এই সবই ছিল রানিং ট্রফি। তবে মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জায় যাঁদের শিল্পপ্রতিভার জন্য পূজা কমিটিগুলো সেরার স্বীকৃতি পেয়েছে রোটারেক্ট ক্লাব সেইসব শিল্পীর হাতেও পুরস্কার তুলে দেয়। এরা হলেন শ্রেষ্ঠ মণ্ডপশিল্পী জয় দাস (আপনজন), শ্রেষ্ঠ আধুনিক প্রতিমা শিল্পী অঙ্কন কংসবণিক (ডেলাইট), শ্রেষ্ঠ শাস্ত্রীয় প্রতিমা শিল্পী উজ্জ্বল প্রামাণিক (অম্বিকাপুর চৌরঙ্গী) এবং শ্রেষ্ঠ আলোক শিল্পী অজিত দাস (নবোদয়)। তাঁদের অবশ্য রানিং ট্রফি নয়, দেওয়া হয়েছে স্থায়ী ট্রফি।
তাঁদের অনন্য শিল্প প্রতিভার ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি উপাচার্য নিরঞ্জন রায় সহ সকল বক্তা । সুন্দর পূজা আয়োজনের জন্য বিভিন্ন বিভাগের বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি পুরস্কার প্রদান করে পূজার সৌষ্ঠব বৃদ্ধির প্রয়াসের জন্য শিলচর রোটারেক্ট ক্লাবের কর্মকর্তাদেরও তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করেন।
শনিবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর রোটারেক্ট ক্লাব সভাপতি উপমা দাস, সম্পাদক আইনজীবী মমিতা মালাকার, প্রজেক্ট চেয়ারপারসন আইনজীবী শর্মিলা চক্রবর্তী প্রমুখ।


