Barak UpdatesHappeningsBreaking News
রেসের ২৫ : রবিবার বঙ্গভবনে বিবর্তনের নাটক

ওয়েটুবরাক, ১২ নভেম্বর: ২৫ বছর আগে বরাক উপত্যকার মঞ্চনাটকে আত্মপ্রকাশ ঘটেছিল একটি নাট্য দলের। দলটির নাম রেস থিয়েটার, পয়লাপুল। সেই দলের হয়ে ‘বাজে মাদল বাজে’ নামের নাটক লিখে এক যুবক বরাকের নাট্য আঙিনায় নতুন দিশা ও দর্শনের জন্ম দিয়েছিলেন। সেই নাটককারই আজকের ইন্দ্রনীল দে, অনেকের প্রিয় জোনাক। ২৫ বছর, রৌপ্য জয়ন্তীর এই রেস-এ সেই নাটকের অন্যতম সেরা কারিগর শ্যামল রায় আজ আমাদের মধ্যে নেই। ক’বছর হল তার প্রয়াণের পর থেকে রেস আর এই নাটকটি মঞ্চায়ন করেনি, হয়তো করবে অদূর ভবিষ্যতে। তবে রেস থিয়েটারকে তাদের ২৫ বছরে বিবর্তন থিয়েটার উৎসর্গ করতে চলেছে, তাদেরই দলের প্রথম পাণ্ডুলিপিতে নির্মিত প্রযোজনা ‘বাজে মাদল বাজে’।
আগামী রবিবার ১৬ নভেম্বর শিলচর বঙ্গভবনে এ মাসের নাটকে বিবর্তন থিয়েটার মঞ্চায়ন করবে রেস-এর এই বহু প্রশংসিত নাটক।
বিবর্তন থিয়েটারের পক্ষে বলা হয়েছে, “হ্যাঁ, রেসের শিল্পীরা নাটকের টেক্সটের সঙ্গে যে জাস্টিস করেছেন, যেভাবে প্রযোজনাটি বাহুল্যবর্জিত রেখে মূল সুরকে ধরে রাখার চেষ্টা করেছেন, আমরা তা পারব না। তবে আমরা শহুরে দলের ছেলেমেয়েরা আমাদের মতো করেই মাদলে তাল তোলার চেষ্টা করেছি। আপনারা দেখে জানাবেন, আদৌ সেই মাদল আমরা বাজাতে পারলাম কিনা।”
রবিবার তাদের আরো একটি ছোট নাটক থাকবে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ‘পেঁপেসেদ্ধ’। নাটক দুটি দেখতে সদস্যপদ সংগ্রহের জন্য বিবর্তন কর্তারা অনুরোধ জানিয়েছেন।



